তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থীর লোকজনের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত আব্দুল কদ্দুছ মিয়া (৩৮) কে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়দর আলী তার লোকজন নিয়ে কলাগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে এক নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন। এ মতবিনিময় সভায় হঠাৎ করে আওয়ামী লীগের অপর বিদ্রোহী প্রার্থী আমির আলী ও তার লোকজন নিয়ে উপস্থিত হন। আলোচনার এক পর্যায়ে বিদ্রোহী প্রার্থী আমির আলী ও জয়দর আলী প্রার্থীতা নির্ধারণ নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। দুই বিদ্রোহী প্রার্থীর বাকবিতন্ডার এক পর্যায়ে আমির আলীর ভাতিজা সৌরভ জয়দর আলীর ভাতিজা আব্দুল কদ্দুছ মিয়া আহত করে। এই নিয়ে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়দর আলী জানান, আমার নির্বাচনী মতবিনিময় সভা আমির আলী তার লোকজন দিয়ে ভাংচুর করে এবং তার ভাতিজা সৌরভ আমার ভাতিজা কদ্দুছ মিয়া কে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করেছে।
অপর বিদ্রোহী প্রার্থী আমির আলী বলেন, প্রার্থীতা নির্ধারণ করতে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়েছে, তেমন কিছু হয়নি।
তাহিরপুর থানার ওসি মুহাম্মদ শহিদুল্লাহ বলেন,‘ উত্তর শ্রীপুর ইউনিয়নে এমন একটি ঘটনা হয়েছে বলে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


