তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় গুরুতর আহত ৫ জনকে প্রথমে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় বোরখাড়া গ্রামের ফজলুল হক (৪৫) নামে একজন কে ঢাকা পিজি হাসপাতালে, রাসেল মিয়াকে (১৮) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ও শহিদুল্লাহ (৪০), মেরাজুল ইসলাম (৩০), সুমনকে (১৭) কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং প্রতিপক্ষের কাসেম ও ফখর উদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এ ঘটনায় তাহিরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। গত বুধবার সন্ধ্যায় এই ন্যাক্কারজনক ঘটনাটি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরখাড়া গ্রামে ঘটে।
জানা যায়, গত বুধবার দুপুরে রাসেল মিয়া নামের ব্যক্তি উপজেলার বাদাঘাট বাজারে সাপ্তাহিক খেলার পাওনা ৫শ’ টাকা প্রতিপক্ষ বারহাল গ্রামের ফখর উদ্দিন ও হোসেন মিয়াকে দিতে বলে। ফখর উদ্দিন ও হোসেন মিয়া টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথা কাটাকটি হয়। একপর্যায়ে রাসেল মিয়া টাকা না পেয়ে বাড়িতে চলে যায়। এরই জের ধরে সন্ধ্যায় ফখর উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বোরখাড়া গ্রামে গিয়ে রাসেল মিয়ার পরিবারের লোকজনের উপর আক্রমণ করে একই পরিবারের ৫জনকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। পরে গ্রামবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এসময় প্রতিপক্ষের আবুল কাসেম (৫৫) ও ফখর উদ্দিনও (৩০) আহত হয়েছে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, মাত্র ৫শ’ টাকা নিয়ে বোরখাড়া গ্রামে অমানবিক ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মজিবুর রহমান বাদী হয়ে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেপ্তার করতে চেষ্টা করছে।


