তাহিরপুরে এতিম শিশুকে আটকে রেখে গণধর্ষণ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলায় চাচাত বোনের বাড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে লম্পট ভগ্নিপতি ও তার সহযোগীরা ১২ বছরের এক এতিম শিশুকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে হাওরের জসিম উদ্দিনের নির্জন বাড়ীতে।ধর্ষণ ঘটনার ৪দিন পেরিয়ে গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত ধর্ষিতা শিশুকে গ্রাম্য সালিসের নামে আটকে রেখে চিকিৎসা ও আইনি সহযোগিতা নিতে দিচ্ছে না ধর্ষকরা।
শিশুর পরিবার সূত্রে জানা যায়, উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও গ্রামের পিতৃহীন ও ভারসাম্যহীন মায়ের কাছে থাকা ১২ বছরের এতিম শিশু কন্যাকে গত সোমবার তার চাচাত বোন বেড়ানোর কথা বলে প্রথমে বাদাঘাট এলাকার কুনাট গ্রামের স্বামী আলমাস মিয়ার বাড়িতে নিয়ে আসে। রাতে আলমাস মিয়া ওই শিশুকে নতুন জামাকাপড় কিনে দেয়ার কথা বলে বালিকা বিদ্যালয়ের সামনের হাওরে থাকা জসীম উদ্দিনের নির্জন বাড়িতে নিয়ে যায়। রাতে ভগ্নিপতি আলমাসসহ ৬ লম্পট ওই শিশুকে পালাক্রমে গণধর্ষণ করে। পরে শিশুটিকে ওই নির্জন বাড়ীকে আটক করে রাখা হয়। পুনরায় বুধবার রাতেও ওই শিশুকে দ্বিতীয় দফায় গণধর্ষণ করে ৬ লম্পট।
পরদিন বৃহস্পতিবার ভোরবেলা শিশুটি কৌশলে নির্জন বাড়ী থেকে পালিয়ে পার্শ্ববর্তী ঘাগড়া গ্রামের তার এক চাচার বাড়িতে আশ্রয় নেয় এবং তার আত্মীয় স্বজনদের নিকট বিষয়টি জানায়। ধর্ষকরা গ্রাম্য সালিসে বিষয়টি নিষ্পত্তি করার জন্য চাপ সৃষ্টি করে ওই কিশোরীকে নজরদারিতে রাখে।
বাদঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য রেনু মিয়া বলেন, ‘এমন একটি বিষয় লোকমুখে শুনেছি। বিষয়টি নিষ্পত্তি করার জন্য আলমাস আমার কাছে এসেছিল।’
তাহিরপুর থানার ওসি মুহাম্মদ শহীদুল্লাহ বলেন,‘গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এরকম একটি বিষয় শুনেছি। ঘটনাটি সত্য হলে অতিদ্রুত শিশুকে উদ্ধার করে চিকিৎসা সেবা ও আইনি সহায়তা দেয়া হবে।’