তাহিরপুরে ঘুর্ণিঝড়ে ৪০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে ঘুর্ণিঝড়ে ৪০টি কাঁচা ঘরবাড়ি ও শতাধিক গাছপালা বিধ্বস্ত হয়েছে। বুধবার রাত পৌনে ১২টায় টাঙ্গুয়া হাওর পাড়ের গ্রাম কামালপুর, মন্দিয়াতা ও মুজরাই গ্রামে ঘুর্ণিঝড়ে এ তান্ডব চালিয়েছে। ঘুর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়া গ্রামের             
অধিকাংশই বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজিনুর মিয়া।
ঘুর্ণিঝড়ে বাড়িঘর বিধ্বস্থ হওয়াদের মধ্যে রয়েছে মুজরাই গ্রামের জয়দেব বর্মন, ধীরেন্দ্র বর্মন, নিপেন্দ্র বর্মন, কামালপুর গ্রামের কবির মিয়া, শফিক মিয়া, তৌফিক আলম, মুশাহিদ মিয়া, আলীনূর, আলী হোসেন, মন্দিয়াতা গ্রামের দুলাল মিয়া, নুর আহমদ, সাইফুল ইসলাম, আলীনূর ও আব্দুল হান্নান।
মন্দিয়াতা গ্রামের দুলাল মিয়া জানান, বুধবার রাত পৌনে ১২টায় প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড়ে তার বসতবাড়ি সহ শতবর্ষী একটি বড়ই গাছ উপড়ে গেছে।
শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী খসরুল আলম বলেন, কামালপুর, মন্দিয়াতা ও মুজরাই গ্রামে ঘুর্ণিঝড়ের আঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বর্ণনা দিয়ে বৃহস্পতিবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসকে অবগত করেছি।