তাহিরপুরে চিকসা কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের চিকসা গ্রামের কালি মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রতিমাগুলো হলো, কালি, মহাদেব ও ভিক্ষুক।
চিকসা কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি রনদা প্রসাদ পুরকায়স্থ ও প্রতিবেশী রাজীব পুরকায়স্থ জানান, শনিবার সন্ধ্যায় পূজারীরা মন্দিরে পূজা করে মন্দিরটি তালাবদ্ধ করে চলে যান। রবিবার দুপুরে পাড়ার ছেলেরা চিৎকার করে বলে মন্দিরে তিনটি প্রতিমা ভাঙ্গা। এ খবর পেয়ে তিনি সাথে সাথে বিষয়টি তাহিরপুর থানা পুলিশকে অবহিত করেন।
তিনি আরো জানান, বর্ষা মৌসুমে মন্দিরের চারপাশে পানি থাকায় তারা বিলম্বে বিষয়টি জানতে পারেন। তাদের ধারনা সম্ভবত ভোর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।
সংবাদ পেয়ে রবিবার বিকালে তাহিরপুর-জামালগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কানন কুমার দেবনাথ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক      
আলমগীর খোকন ও উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন সহ দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, সংবাদ পেয়ে বিকাল বেলা থানা পুলিশসহ তিনি ঘটনাস্থলে গিয়াছেন। তিনি আরো বলেন, তিনটি মূর্তি ভাঙ্গা পেয়েছি, জরুরি ভিত্তিতে দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।