স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের জমির ধান কেটে নেয়ার অভিযোগে ৭ জনকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আটককৃতরা হলেন, তাহিরপুর উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুর গ্রামের ইউনূছ আলী (৩৫), মিলন মিয়া (২২), আশরাব উদ্দিন (২০), আমির হোসেন (২১), আশরাফ উদ্দিন (২২), আব্দুল হক (২৫), কামরান হোসেন (২২)।
আটককৃত ৭ জন সহ ৪৬ জনের বিরুদ্ধে রসুলপুর গ্রামের জমির মালিক রিয়াজ উদ্দিন বাদী হয়ে তাহিরপুর থানায় সোমবার সন্ধ্যা ৭টায় তাহিরপুর মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও তাহিরপুর থানা পুলিশ জানান, সোমবার ভোর রাতে রসুলপুর গ্রামের রজব আলীর নেতৃত্বে ৪৬ জনের একটি দল গ্রামের রিয়াজ উদ্দিনের ৫ কেয়ার জমির ধান জোর করে কেটে নৌকা যোগে তাদের বাড়ীতে নেয়ার সময় সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধানকাটায় জড়িত ৭ জনকে আটক করে। এ সময় থানা পুলিশ জমির কাটা ধান জব্দ তালিকা করতে চাইলে আসামীদের বাধায় জব্দ করতে পারেনি।
তাহিরপুর থানার এসআই আমির উদ্দিন বলেন, ‘জোর করে ধান কাটার অভিযোগ রসুলপুর গ্রামের ৪৬ জনের বিরুদ্ধে রিয়াজ উদ্দিন বাদী হয়ে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন।’
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘জোর করে ধান কাটার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।’


