তাহিরপুরে পোনা মাছ অবমুক্তকরণ- ৯ লাখ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা

তাহিরপুর প্রতিনিধি
হাওরে পোনা মাছ অবমুক্ত না করেই ফাইল ওয়ার্কের মাধ্যমে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের বিল নার্সারী প্রকল্পের বরাদ্দের ১০ লাখ টাকার মধ্যে সাড়ে ৯ লাখ টাকা আত্মসাতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা। বিষয়টি জানতে পেরে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন গত কয়েকদিন ধরে ফুঁসে উঠেছেন।
জেলা মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার অন্যান্য উপজেলার ন্যায় মৎস ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের বিল-নার্সারী প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওর ও জলমহালে পোনা মাছ অবমুক্ত করণের জন্য চলতি বছর মে মাসে প্রায় ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। নিয়ম অনুযায়ী বরাদ্দকৃত  অর্থের বিপরীতে রিকুয়েষ্ট ফর কোটশেনের (আরএসপি) মাধ্যমে বাণিজ্যিক মৎস্য হ্যাচারী থেকে বিভিন্ন প্রকার মাছের পোনা ক্রয় করে মনিটরিং কমিটির সদস্য, পোনামাছ ক্রয় কমিটির সদস্য, মৎসজীবী কমিটির লোকজন, উপজেলা   
 প্রশাসন, জনপ্রতিনিধি সহ জনসম্মুখে ওইসব পোনা মাছ হাওর ও জলমহালে অবমুক্ত করণের নিয়ম বেধে দেয়া হয়েছে।
অভিযোগ উঠেছে, তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ফাইল ওয়ার্ক ও ফটোসেশনের মাধ্যমে চলতি বছরের  ২৯ মে থেকে ১১ জুন পর্যন্ত নাম ঠিকানা ও অস্থিত্ববিহীন হাসান ও শাপলা মৎস্য হ্যাচারী থেকে বিভিন্ন  প্রজাতির প্রায় ৩ হাজার ৩৩৫ কেজি পোনা মাছ ক্রয় দেখিয়ে ওইসব পোনা মাছ উপজেলার গোরমা, বনুয়া, চুনখলা, পালই প্রকাশ পালির বিল ও হাওরে অবমুক্ত দেখিয়ে কাগজে কলমে পেনামাছ অবমুক্তকরণ সম্পন্ন দেখিয়েছেন। ওইসব কাজে মৎস্য কর্মকর্তাকে সহযোগিতা করে মন্ত্রণালয়ের বরাদ্দের টাকা সুকৌশলে ভাগ বাটোয়ারা করে নিতে প্রশাসনের ক’জন কর্তাব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি ও নামধারী রাজনৈতিক ব্যক্তিও সহায়তা করেছেন।
তাহিরপুর উপজেলা মৎস্যজীবী কমিটির সদস্য সজল বর্মন অভিযোগ করে বলেন, আমার জানা মতে উপজেলা মৎস্য কর্মকর্তা ৪০ থেকে ৫০ হাজার টাকার পোনা মাছ অবমুক্ত করেছেন। বাকী সাড়ে ৯ লাখ টাকার পোনা মাছ কবে কোথায় কাদেরকে নিয়ে অবমুক্ত করেছেন তা কেবল মৎস্য কর্মকর্তা আর উনার সাথে থাকা লুটেরাগণ জানেন।’
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সু-কৌশলে তার নিজস্ব লোক দিয়ে লোকদেখনো পোনা অবমুক্ত করে বরাদ্দের সাড়ে ৯ লাখ টাকা আত্মসাতের জন্য সব রকমের কাজ গুটিয়ে এনেছেন। তিনি প্রশ্ন রাখেন যেখানে চলতি বছর হাওরের ফসল ডুবির কারণে গোটা জেলা জুড়ে হাহাকার বইছে, হাওরের কোটি কোটি টাকার মাছ মারা গেছে, সেখানে কবে কাদেরকে নিয়ে কোন মৎস হ্যাচারী থেকে ১০ লাখ টাকার পোনা মাছ ক্রয় করে কোন কোন বিল আর হাওরে সেইসব কাগুজে পোনামাছ অবমুক্ত করা হয়েছে তা উপজেলার অধিকাংশ লোকজনই জানেন না।’
তাহিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারি বিধিবিধান মেনেই ১০ লাখ টাকার নির্ধারিত পরিমাণের চেয়ে দেড় কেজি বেশি পোনা মাছ সহ ৩ হাজার ৩৩৫ কেজি বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এছাড়াও বরাদ্দের টাকা উত্তোলনের জন্য উপজেলা হিসাব রক্ষণ অফিসে ফাইল জমা দেয়া হলেও এখন পর্যন্ত বরাদ্দকৃত টাকা উত্তোলন করা হয়নি বলেও তিনি জানিয়েছেন।’