তাহিরপুরে বালু উত্তোলনকারীদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর সীমান্তের চানপুর নয়াছড়া এলাকায় বালু উত্তোলনকারীদের নিকট থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। সাম্প্রতিক বন্যায় সীমান্তের ওপার থেকে পাহাড়ী ছড়া দিয়ে ঢলের পানির সঙ্গে বালু এসে চানপুর নয়াছড়া এলাকার প্রায় দু’শ একর জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন নয়াছড়া এলাকাতে বালু উত্তোলন করতে ৫০ থেকে ৬০টি নৌকা আসে। এ সকল নৌকা থেকে চাঁদাবাজরা ৪ থেকে ৫শ’ টাকা করে চাঁদা আদায় করে। এতে করে
নয়াছড়াতে দৈনিক ২৫ থেকে ৩০ হাজার টাকা চাঁদাবাজি হয়।
উত্তর বড়দল ইউনিয়নের ইউপি সদস্য চানপুর গ্রামের বাসিন্দা স¤্রাট মিয়া বলেন, ২০০৭ সালে মেঘালয় পাহাড় ধ্বসে চানপুর নয়াছড়া এলাকার অনেক বাড়িঘর ও ফসলি জমি বিনষ্ট হয়। এ থেকেই প্রতি বছর বর্ষা এলেই ঢলের পানির সাথে বালু এসে আমাদের জমিজমা বসতভিটা বিনষ্ট হয়। এ সমস্ত বালু সরানোর জন্য আমরা উন্নয়ন সংস্থা ‘বারসিকের’ সহযোগীতার ঢাকা জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছি। তিনি আরো জানান, এলাকার লোকজন তাকে জানিয়েছে বালু বোঝাই প্রতি নৌকা থেকে ৪/৫শ টাকা আদায় করছে একটি চাঁদাবাজ চক্র। ওখানে প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার টাকা চাঁদাবাজি হয়।
চাঁদা আদায়কারীদের মধ্যে রয়েছে চানপুর ও নয়াছড়া এলাকার নাসির উদ্দিন, বাছির উদ্দিন, আবু বক্কর, আব্বাছ উদ্দিন ও তারা মিয়া।
চাঁদা আদায়কারী নাসির উদ্দিনের সাথে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বালু উত্তোলনকারীদের নিকট থেকে তারা কোন চাঁদা আদায় করেন না।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু মুছা বলেন, বিষয়টি আমিও শুনেছি। চাঁদাবাজদের ধরে আইনের আওতায় আনতে হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, চাঁদা আদায়কারীদের ধরে মোবাইল কোর্টে শাস্তি দেয়া হবে।