তাহিরপুরে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা- আ.লীগ চেয়ারম্যান প্রার্থীসহ আটক ৩

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলায় বড়দল দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর নেতৃত্বে ব্যালট পেপার ছিনতাই চেষ্টার সময় পুলিশ ও আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শনিবার রাত পৌনে আটটায় উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান প্রার্থীদের ভোট গননা শেষে এ ঘটনা ঘটে। তবে ব্যালট পেপার ছিনতাই রোধ করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দলীয় চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী, আ.লীগ নেতা আবদুল কুদদুছ ও হুমায়ুন কবীরসহ ৩ জনকে আটক   
করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়দল দক্ষিণ ইউনিয়নের লেদারবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গননা শেষ হলে রেজাল্ট শীট তৈরীর করার পর আওয়ামী লীগ দলীয় প্রার্থী ইউনুস আলীর কর্মী সমর্থকরা বান্ডিলকৃত ব্যালট পেপার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ও আওয়ামী লীগ কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পরে পুলিশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী ইউনুস আলী, আ.লীগ নেতা আবদুল কুদদুছ ও হুমায়ুন কবীরসহ ৩ জনকে আটক করে।
ঘটনার সত্যতা স্বীকার করে তাহিরপুর থানার ওসি মো. শহিদুল্লাহ বলেন,‘আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী ইউনুস আলী ও তার লোকজন ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ২০ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। চেয়ারম্যান প্রার্থীসহ তিনজনকে আটক করা হয়েছে।’