স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে ভিজিডি তালিকা তৈরীতে অনিয়মের অভিযোগে ১০ গ্রাম পুলিশ সহ ৯২ জনের ভিজিডি চাল বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। রবিবার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে ২৬০ জন দরিদ্র দুঃস্থ মাতাদের ভিজিডি চাল বিতরণের নির্ধারিত তারিখ ছিল। অনিয়মের বিষয়ে ইউনিয়নের ৫ ইউপি সদস্য কর্তৃক উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে ১৬৮ জন দুস্থ মাতাকে চাল বিতরণের জন্য উপজেলা মহিলা বিষযক কর্মকর্তার অফিস থেকে নির্দেশ দেয়া হয়েছে। তাছাড়া ১০ গ্রাম পুলিশ সহ ৯২ জনের চাল ইউনিয়ন পরিষদের তাহিরপুর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে গুদামজাত করার জন্য ইউনিয়ন পরিষদের সচিব দীপক রঞ্জন দাসকে নির্দেশ প্রদান করা হয়েছে। ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য কামাল আহমেদ, ২ নং ওয়ার্ডের সাইদুর রহমান ছোটন, ৮ নং ওয়ার্ডের মিয়া হোসেন, ৭ নং ওয়ার্ডের গোলাম সারোয়ার ডালিম ও ৪ নং ওয়ার্ডের শাহাব উদ্দিন স্বাক্ষরিত লিখিত অভিযোগ থেকে জানা যায়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের মধ্যে সমন্বয় না থাকায় গত জানুয়ারি ও ফ্রেব্রুয়ারি মাসের ভিজিডি চাল মার্চ মাসেও বিতরণ করা হয় নি। সম্প্রতি এ সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হল তড়িঘড়ি করে রবিবার চাল বিতরণের সিদ্বান্ত নেন শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
৫ ইউপি সদস্যদের অভিযোগ থেকে জানা যায়, ইউপি চেয়ারম্যান ভিজিডির তালিকায় সঠিকভাবে দুঃস্থ মাতাদের নাম না দিয়ে সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ ও তার নিজস্ব কিছু লোকজনের নামের তালিকা করে চাল বিতরণের লক্ষ্যে তাহিরপুর খাদ্য গোদাম থেকে দুই মাসের ১৫ মেট্রিক টন ৬শ’ কেজি চাল উত্তোলন করে।
৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন, তার ওয়ার্ডের মানিকখিলা গ্রামে একই পরিবারে আবুল কালামের স্ত্রী মমতাজ বেগম ও মেয়ে মিনা বেগম কে ভিজিডি কার্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, তারা সবাই একই অন্নে বসবাস করেন।
২নং ওয়ার্ডের
ইউপি সদস্য সাইদুর রহমান ছোটন বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার গ্রাম পুলিশ ও তার স্বচ্ছল স্বজনদের ভিজিডি কার্ড প্রদান করেছেন।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ সচিব দীপক রঞ্জন দাস বলেন, ৯২ জন ভিজিডি কার্ডধারীর চাল বিতরণ না করার জন্য আমাকে মহিলা বিষয়ক অফিস থেকে বলা হয়েছে।
এ বিষয়ে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার এর মোবাইল ফোনে যোগাযোগ করলে তার কাছ থেকে সদুত্তর পাওয়া যায় নি।
তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার বলেন, ইউএনও স্যার সুনামগঞ্জ জেলা প্রশাসনের সভায় থাকায় আমি ইউপি সদস্যদের অভিযোগের প্রেক্ষিতে ৯২ জন ভিজিডি কার্ডধারীদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের চাল বিতরণ কার্যক্রম স্থগিত রাখার জন্য ইউপি সচিবকে নির্দেশ দিয়েছি।
- ধর্মপাশায় আ.লীগের কার্যালয় ও দোকানপাট ভাঙচুরের অভিযোগ
- অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন ড. মোহাম্মদ সাদিক


