তাহিরপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান ও গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। অভিযানে বাদাঘাট বাজারের ভাই ভাই মেডিক্যাল হলকে অতিরিক্ত মূল্য নেয়া এবং ফিজিশিয়ান সেম্পল বিক্রির অপরাধে ৫ হাজার টাকা ও রিহান স্টোরকে মূল্য তালিকা না টানানোর অপরাধে ২ হাজার টাকা জরিমানা করেন। অভিযান শেষে বাদাঘাট মধ্যবাজারে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি মো. সেলিম হায়দার, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন পালন করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের তালিকা টাঙানো এবং ঐ পণ্যের ক্রয় রশিদ/ক্যাশ মেমো সংরক্ষণ করার জন্য সকল ব্যবসায়ীকে আহবান জানানো হয়।