স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে। কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক হলেন উপজেলার তাহিরপুর সদর ইউনিয়নের ধুতমা গ্রামের কয়লা ব্যবসায়ী আমিনুল ইসলাম। তবে এ সময় সময় আমিনুল ইসলাম উপস্থিত না থেকে তার পক্ষে হারভেষ্টার গ্রহণ করেন তার নিকটাত্মীয় সবুজ আলম। মঙ্গলবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার একজন কৃষকের হাতে একটি কম্বাইন্ড হারভেস্টার তুলে দেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ-দৌলা। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সাংবাদিক শওকত হাসান সহ উপকারভোগী কৃষক ও কোম্পানীর প্রতিনিধিবৃন্দ।
তাহিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসান উদ—দৌলা বলেন, কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
#


