বিশ্বম্ভরপুরে বালু বোঝাই ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
ধোপাজান-চলতি নদীতে বালু বোঝাই ট্রলারডুবিতে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। নিহত শ্রমিকরা হলেন উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মনিপুরী হাটি গ্রামের হানিফ মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২২) এবং একই গ্রামের আক্তার হোসেনের ছেলে অনিক হাসান জনি (১৮)। মঙ্গলবার বেলা ১১ টায় এই দুই শ্রমিকের লাশ উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, সোমবার রাতে বিশ^ম্ভরপুর উপজেলার ধোপাজান—চলতি নদীর মনিপুর হাট ঘাটে বালু বোঝাই ট্রলারে শুয়েছিলেন শ্রমিক আনোয়ার ও অনিক। গভীর রাতে বৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়। ভোরে স্বজনরা এসে অনেক খেঁাজাখুজি করেও এই দুই শ্রমিককে পান নি। বেলা ১১ টায় দুজনেরই লাশ ভেসে ওঠে ঘটনাস্থলের পাশে। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা জানান, গত সোমবার রাতে উপজেলার মনিপুরী হাটি ট্রলার ঘাটে (ধোপাজান চলতি নদীতে) বালি ভর্তি স্টীলের নৌকায় শ্রমিক আনোয়ার ও অনিক হাসান রাতে ঘুমিয়ে ছিল। রাতে অনেক ঝড় বৃষ্টি হয়। এসময় নৌকা ডুবে গেলে তাদের মৃত্যু হয়।
বিশ^ম্ভরপুর থানার ওসি মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালু বোঝাই ট্রলার ডুবে নিহত দুই শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।