তাহিরপুর-ট্যাকেরঘাট সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্টের উপর দিয়ে যাতায়াত

আমিনুল ইসলাম, তাহিরপুর
তাহিরপুরে ঝুঁকিপূর্ণ কালভার্টের উপর দিয়ে যাতায়াত করছেন উপজেলার চার ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ। যে কোনো সময় দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
সরেজমিন গিয়ে দেখা যায়, তাহিরপুর-ট্যাকেরঘাট যাওয়ার রাস্তায় রতনশ্রী গ্রাম হতে দুই কিলোমিটার উত্তর দিকে বিদ্যমান কালভার্টের সম্পূর্ণ ঢালাই ভেঙ্গে পড়েছে। এখন শুধু রডগুলো দেখা যায়। রাস্তায় চলাচলকারী লোকজন স্থানীয় দক্ষিণ বড়দল ইউনিয়নের চেয়ারম্যানকে বারবার আবেদন নিবেদন করার পরও এ পর্যন্ত কালভার্টটি ঠিক করার উদ্যোগ নেয়া হয়নি।
উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন, তাহিরপুর সদর ইউনিয়ন, দক্ষিণ বড়দল ইউনিয়ন ও উত্তর বড়দল ইউনিয়নের প্রায় দেড় লক্ষ লোক এ রাস্তা দিয়ে তাহিরপুর উপজেলা সদর, তিনটি স্থল শুল্ক স্টেশন শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়া, চারাগাঁও, বাগলী ও পর্যটন এলাকা ট্যাকেরঘাটে যাতায়াত করে থাকেন।
এ রাস্তা দিয়ে চলাচলকারী দক্ষিণ বড়দল ইউনিয়নের জামলাবাজ গ্রামের আক্তারুজ্জামান বলেন, কিছুদিন পূর্বে তিনি মোটর সাইকেল করে তাহিরপুর উপজেলা সদর হতে তার নিজ গ্রাম জামলাবাজ যাওয়ার পথে কালভার্টের উপর মোটর সাইকেল নিয়ে দুর্ঘটনায় আহত হন। এ অবস্থা তিনি সপ্তাহ খানেক অসুস্থ ছিলেন।
একই অবস্থার কথা জানালেন বড়দল গ্রামের উজ্জ্বল মিয়া। তিনি বললেন, রাতের বেলা বাড়ি ফিরতে তিনি কালভার্টের উপর পড়ে হাতে ও পায়ে মারাত্মক ব্যথা পান।
বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলী বলেন, কালভার্টটি মেরামতের জন্য টেন্ডার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।
তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, তাহিরপুর-ট্যাকেরঘাট রাস্তায় ভেঙ্গে যাওয়া কালভার্টসহ ৬টি কালভার্ট নির্মাণের জন্য তাহিরপুর উপজেলা পরিষদ হতে টেন্ডার হয়েছে। কাজটি দ্রুত করার জন্য তিনি তাহিরপুর উপজেলা প্রকৌশলীকে তাগিদ দিয়েছেন ।
তাহিরপুরের উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, তাহিরপুর-ট্যাকেরঘাট রাস্তার উপর ভেঙ্গে যাওয়া কালভার্টটি মেরামতের জন্য বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়েছে।