তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, মোটরসাইকেল সহ একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতর নাম, রইসুল ইসলাম (২০)। সে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী কলাগাঁও গ্রামের মাইজহাঁটি মোড়ের পল্লী চিকিৎসক আবদুল মান্নানের ছেলে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তাকে পুলিশ আটক করে।
জানা যায়, তাহিরপুর থানার টেকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই ইমাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ টেকেরঘাট শহীদ মিনারের সামনের রাস্তা থেকে রইসুল ইসলাম কে মোটরসাইকেল সহ আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আটককৃতর বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


