তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুর সীমান্তে ২৫ বোতল অফিসার চয়েস মদ, ১০পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে বিজিবি আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. নবিবুল ইসলাম রফিক (৩৫)। তিনি তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের ওলি মাহমুদের ছেলে।
জানা যায়, সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মতিউর রহমানের নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১২০৩/৪ এস নিকটের উত্তর লাউড়েরগড় গ্রামের সামনে থেকে ভারতীয় ২৫ বোতল অফিসার চয়েস মদ ও ১০পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে। বৃহস্পতিবার দুপুরে আটককৃত মাদক ব্যবসায়ীকে মদ, ইয়াবাসহ তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত চোরাচালানী ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


