স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের লালঘাট গ্রাম থেকে ভারতীয় হরিণের ২০ কেজি মাংস জব্দ করেছেন টাঙ্গুয়ার হাওরের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাশ। সোমবার দুপুরে জবাই করা হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে সেই মাংস সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে (বালিকা) পাঠিয়ে দেয়া হয়।
স্থানীয় সুত্রে জানা যায়, সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের তাহিরপুরের চারাগাঁও সীমান্তের লালঘাট গ্রামের একদল লোক সীমান্তের ওপার থেকে আসা একটি হরিণ আটক করে গ্রামের স্থানীয় এক বাড়িতে সোমবার দুপুরে জবাই করে হরিণের মাংস নিজেদের মধ্যে ভাগভাটোয়ারা করে নেয়ার প্রস্তুতি নেয়। খবর পেয়ে প্রথমে চারাগাঁও বিওপির বিজিবির একটি টহল দল হাবিলদার রশীদের নেতৃত্বে ঐ বাড়িতে উপস্থিত হলে ভোজন বিলাসীরা সটকে পড়ে। এরপর পুলিশকে সাথে নিয়ে ট্যাকেরঘাট থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাশ লালঘাট গ্রামে পৌঁছে জবাইকৃত হরিণটিকে জব্দ করে নিয়ে আসেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাশ হরিণের মাংস জব্দ করার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মাংস সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে (বালিকা) সোমবার দান করে দেয়া হয়েছে। হরিণের চামড়াটি বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। তিনি আরো বলেন, হরিণ আটক ও জবাই করার সাথে যারা জড়িত রয়েছে তাদের ব্যাপারে খোঁজ খবর নেয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


