স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে ৫ম পর্যায়ে অনুষ্ঠিত তিন উপজেলার ২০ জন নবনির্বাচিত চেয়ারম্যানের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমানের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার হারুন অর রশিদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আকমল হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীর।
শপথ অনুষ্ঠানে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, দিরাই উপজেলার ৯ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, শাল্লা উপজেলার ৪ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, ‘আপনারা স্বস্ব ইউনিয়ন এলাকায় সব সময় খোঁজ-খবর রাখবেন। অপরাধ ঠেকাতে কড়া নজর রাখবেন। যদি কোনো অপরিচিত লোক ঘুরাফেরা করে আর তার প্রতি কিঞ্চিৎ সন্দেহ হয়, তখন স্থানীয় পুলিশে খবর দেবেন। সে জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত আছে কি না খতিয়ে দেখবো। সকলের আন্তরিক প্রচেষ্টায় ইউনিয়ন এলাকায় অপরাধ কমিয়ে আনতে হবে।’
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, ‘যাঁরা একাধিকবার নির্বাচিত হয়েছেন, তাঁরা অবশ্যই এলাকার সম্মানিত ব্যক্তি এবং জনপ্রিয় প্রতিনিধি। নিরপেক্ষ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর ভুমিকা ছিল প্রকট। যার কারণে সকলের প্রচেষ্টায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়েছে। নির্বাচনে আমরা শতভাগ নিরপেক্ষ ছিলাম। ফ্রি ফেয়ার নির্বাচনে প্রথম স্থানে আছে সিলেট বিভাগ। এটা হলো আমাদের সফলতা।’
শপথ অনুষ্ঠানের আগে সকল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


