বিশেষ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মঙ্গলবার জেলার তিন উপজেলায় আওয়ামী লীগের একাধিক গ্রুপের পৃথক কর্মসূচি পালিত হয়েছে। শোকের দিনেও বিভক্তির মধ্য দিয়েই নানা কর্মসূচি পালন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক এম নবী হোসেনের নেতৃত্বাধীন অংশ সকল ৯ টায় সাচনা বাজারের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা করেন। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুকিত চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদারের নেতৃত্বাধীন অংশ উপজেলা সদরে শোক র্যালি বের করেন। পরে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে শোক সভা করেন।
ছাতকে উপজেলা আওয়ামী লীগের একাংশের আহবায়ক লুৎফুর রহমান সরকুমের নেতৃত্বাধীন অংশ উপজেলা অডিটরিয়ামে শোক দিবসের আলোচনা সভা করেন। অরপদিকে উপজেলা আ.লীগের একাংশের আহবায়ক আবরু মিয়া তালুকদারে নেতৃত্বাধীন অংশ একটি শোক র্যালি বের করে। র্যালি শেষে মন্ডলীভোগের দলীয় কার্যালয়ে আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
দোয়ারাবাজার উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দুই গ্রুপ পৃথকভাবে শোক কর্মসূচি পালন করেন।
সোমবার বিকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ইদ্রিস বীর প্রতীকের নেতৃত্বাধীন অংশের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে জাতীয় শোক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের অন্য অংশের আহবায়ক ফরিদ আহমদ তারেকের নেতৃত্বাধিন অংশ উপজেলা সদরের সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলীর বাসার সামনে শোক দিবসের কর্মসূচি পালন করেন।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের বিভক্তি নতুন কিছু নয়, এটা দীর্ঘদিনের পুরনো। জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর পরই এসব বিভক্তি দূর করার উদ্যোগ নেয়া হবে।’ তিনি আরো বলেন,‘দেশের ক্রান্তিলগ্নে জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরসুরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের উচিত ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া ও একসাথে সকলে মিলেমিশে দলীয় কর্মসূচি পালন করা।’
- ড্রেজার দিয়ে বালু উত্তোলন জামালগঞ্জে বেকার হয়ে পড়েছে শ্রমিকরা
- মহিলা কলেজের হোস্টেল ময়লা আবর্জনার ভাগাড়


