তিন শতাধিক মানুষের মাঝে নৌবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিড়া, মুড়িসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা শহরের ওয়েজখালীস্থ বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ের মাঠে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মো. কামরুল আবেদীন ও লে. মোহাম্মদ খালিদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ অঞ্চলের জেলা কমান্ড্যান্ট মো. কামরুজ্জামান, এ্যাডজুটেন্ট মো. রফিকুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ নৌ-বাহিনীর কমান্ডার মো. কামরুল আবেদীন বলেছেন, জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বাংলাদেশ নৌবাহিনীর দুটি ইউনিট সুনামগঞ্জে এবং জামালগঞ্জে বন্যার্তদের উদ্ধার তৎপরতার পাশাপাশি ত্রাণ সহায়তা প্রদান কাজে অংশগ্রহণ করেন। ইতিমধ্যে বাংলাদেশ নৌবাহিনী ২৭ হাজার ৩৪৫টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান এবং ১৭ হাজার ৯২০টি পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে। তিনি বলেন, যতদিন বন্যার্ত মানুষজন স্বস্তিতে ফিরে না আসবে নৌবাহিনী বন্যার্তদের পাশে থেকে সব ধরনের সহায়তা করবে।