স্টাফ রিপোর্টার
দক্ষিণ সুনামগঞ্জে কাবিটা’র কাজে ‘অনিয়মের তদন্তে’র সময় পিআইসির সাধারণ সম্পাদক তিন সাংবাদিককে গালিগালাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সম্পাদক সেলিম আহমদ, নির্বাহী সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র ও সহকারী সম্পাদক জসীম উদ্দিনকে গালিগালাজ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানায় ওই তিন সাংবাদিক
বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগটি মিথ্যা বলে দাবি করেছেন পিআইসি’র সাধারণ সম্পাদক মাসুক মিয়া।
দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদ জানান, ঘটনাটি ঘটেছে বুধবার উপজেলার জয়কলস ইউনিয়নের শিবপুর গ্রামে। তিনি জানান “গত ১৪ জুলাই দৈনিক সুনামগঞ্জ সময় পত্রিকায় ‘কাবিটার টাকায় হরিলুট, কাজ না দেখে বিল, ভাগ নেন পিআইও’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আইনুর আক্তার পান্না তদন্তের সময় দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক ও স্টাফ রিপোর্টারকে উপস্থিত থাকার জন্য লিখিত চিঠি প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে সম্পাদক সেলিম আহমদ, নির্বাহী সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র ও সহকারী সম্পাদক জসীম উদ্দিন তদন্তে উপস্থিত হন। কাবিটার ৪টি কাজের অনিয়মের তদন্ত করতে প্রথমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না উজানীগাঁও গ্রামের প্রকল্প পরিদর্শন করেন। পরে তিনি একই ইউনিয়নের ১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের শিবপুর মধ্যপাড়া জামে মসজিদের সামনে থেকে পুরাতন জামে মসজিদের প্রকল্প পরিদর্শন করেন। তদন্ত শেষে তিনি শিবপুর প্রকল্প এলাকা ত্যাগ করেন। এসময় পিআইসির সাধারণ সম্পাদক মাসুক মিয়া উপস্থিত তিন সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
সাংবাদিক সেলিম আরো উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া ঘটনার উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেমন কোন উদ্যোগ গ্রহণ করেননি। পিআইসির সেক্রেটারি মাসুক মিয়ার গালিগালাজ শেষে তাদের ঘটনাস্থল ত্যাগ করতে বলেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন।
এ ব্যাপারে পিআইসি’র সাধারণ সম্পাদক মাসুক মিয়া জানান,‘আমরা রাস্তার কাজ করাইছি। মিথ্যা সংবাদ লেখা হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে নিউজ করা হয়েছে।’ তিনি অভিযোগ করে জানান, ‘আমার কাছে বিভিন্নভাবে প্রস্তাব দেয়া হয়েছিল। তাদের সাথে সাক্ষাৎ করার কথা বলা হয়েছিল। আমি সাক্ষাৎ করি নাই। তাই মিথ্যা নিউজ হয়েছে। সেলিমসহ আরো দুই সাংবাদিক আমাকে দেখে নেবে বলে হুমকি দেয়।’
ধর্মপাশায় প্রতিবাদ
দক্ষিণ সুনামঞ্জের একটি প্রকল্পের পিআইসি কমিটির সেক্রেটারী মাসুক মিয়া কর্তৃক দৈনিক সুনামগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক সেলিম আহমদ, নির্বাহী সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র ও সহকারী সম্পাদক জসিম উদ্দিনকে হুমকির প্রতিবাদ জানিয়েছে ধর্মপাশা উপজেলা প্রেসক্লাব। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনাম। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল হক সাজু, যুগ্ম সম্পাদক এম এম এ রেজা পহেল, সাংগঠনিক সম্পাদক চয়ন কান্তি দাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এনামুল হক এনি, সদস্য সালেহ আহমদ, তরিকুল ইসলাম পলাশ প্রমুখ।


