দক্ষিণ বাদাঘাট এবং নরসিংপুর ইউপি’র পুনঃ নির্বাচন আজ

বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার প্রতিনিধি
আজ বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দক্ষিণ) এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচন। গত ৪ জুন ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশ্বম্ভরপুরের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী  মো. আব্দুল গণি ও জাতীয় পার্টির দলীয় প্রার্থী মো. এরশাদ মিয়া সমান ভোট (৪০৩০ ভোট) পাওয়ায় নির্বাচনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়। ৫ মাস পর সোমবার দুই দলের দুই প্রার্থীর প্রতীক নৌকা ও লাঙ্গলের সম্মানের লড়াই হবে আজ।
এদিকে, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জয়ী দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের একে এম আইয়ুবুর রহমান রহমানী দায়িত্ব গ্রহণের আগেই ২৭ জুন মারা যান। এই ইউনিয়নেও আজ সোমবার চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচন। এই ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নূর উদ্দিন আহমদ (নৌকা) এবং বিএনপি’র দলীয় প্রার্থী শামছুল হক নমু (ধানের শীষ)। এছাড়া আওয়ামী লীগের ৬ জন বিদ্রোহী প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী লড়ছেন। এরা হলেন- কামরুজ্জামান ভুইয়া (চশমা), মতক্কিন আলী (ঘোড়া), মাইনুদ্দিন (আনারস), মো. আবুল কালাম আজাদ (টেবিল ফ্যান), মো. আজিজুর রহমান  (টেলিফোন) ও শাখাওয়াৎ হোসেন চৌধুরী (মোটর সাইকেল)।