স্টাফ রিপোর্টার
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের দায়েরকৃত মানহানির মামলা থেকে পূর্ব পশ্চিম ডট কমের প্রধান সম্পাদক পীর হাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত ২৫ অক্টোবর ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে হাজির হয়ে পীর হাবিব তাকে এই মামলার দায় হতে অব্যাহতির আবেদন জানিয়ে বলেন, ‘আমার সম্পাদনায় প্রচারিত অনলাইন পোর্টাল পূর্ব পশ্চিম ডট কমে কেবল
১৫ আগস্টে সুনামগঞ্জের শোক দিবসের আয়োজনে নুরুল হুদা মুকুটের বক্তব্য ছাপা হয়েছিল। এই বক্তব্যের দায় আমার নয়। আমি এই মামলা থেকে অব্যাহতির প্রার্থনা করছি।
আইনজীবীর মাধ্যমে পীর হাবিব আদালতে এই আবেদন করলে আদালত আবেদন মঞ্জুর করেন।
আদালত আদেশে উল্লেখ ২ নম্বর বিবাদী কর্তৃক নাম কর্তনের প্রার্থনায় আনীত দরখাস্ত শুনানিঅন্তে মঞ্জুর করা হইল। ২ নম্বর বিবাদীর নাম আর্জি হইতে কর্তন করা হোক। দুই নম্বর বিবাদীর দাখিলী জবাব নথিজাত করা হইল।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার এবং শহরের আলফাত স্কয়ারে শোক দিবসের সমাবেশে বক্তব্য দেবার সময় নুরুল হুদা মুকুট যে বক্তব্য দিয়েছিলেন পূর্ব পশ্চিম ডট কমসহ কিছু গণমাধ্যমে প্রকাশ হয়। এই প্রেক্ষিতে ব্যারিস্টার ইমনের পক্ষ থেকে ২১ আগস্টে পূর্ব পশ্চিম ডট কমসহ অন্য গণমাধ্যম কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়। পরে এ নিয়ে ঢাকা জেলা যুগ্ম জজ আদালতে নুরুল হুদা মুকুটকে ১ নম্বর ও পীর হাবিব ২ নম্বর বিবাদী করে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।


