দক্ষিণ সুনামগঞ্জ অফিস
জেলার দক্ষিণ সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও গ্রামে হাজী কামাল উদ্দিনের ছেলে নায়েব আলী ও একই গ্রামের জিলু মিয়ার ছেলে খালেদ মিয়ার মধ্যে গত কয়েক বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে
আসছে। এর জের ধরে বুধবার সকাল ৯ টায় খালেদ মিয়ার লোকজন বিরোধকৃত জমিতে চাষাবাদ করতে গেলে নায়েব আলীর লোকজন বাধা দেওয়ায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়।
গুরুতর আহত পূর্ব বীরগাাঁও গ্রামের জালাল উদ্দিন (২৮), আছিন মিয়া (৩৫), সাইজুল মিয়া (৬০), সিরাজুল ইসলাম (৫৫), জাহিদ মিয়া (৩৪), আমিন মিয়া (৩৪), মাসুম মিয়া (২৮), খালেদ (২৯), নাসির মিয়া ৩৫) ও নায়েব আলী (৪৫)কে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্ব বীরগাঁও ইউপি মেম্বার মিজানুর রহমান জানান, গত ৪- ৫ বছর ধরে নায়েব আলী ও খালেদ মিয়ার মধ্যে কিছু জমি নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার সকালে একপক্ষ জমিতে গেলে অন্যপক্ষ বাধা দেয়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সকালে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।


