বিন্দু তালুকদার
দক্ষ ও প্রশিক্ষিত জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে সুনামগঞ্জে নির্মিত হচ্ছে আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। নতুন বছরের শুরুতে জানুয়ারি মাসে এর সকল অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছে জেলা গণপূর্ত বিভাগ। বিদেশগামীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রকল্পের আওতায় প্রায় ৩০ কোটি ব্যয়ে শহরতলীর চেকনিকাড়া সেতুর দক্ষিণ দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের পশ্চিম পাশে হালুয়ারগাঁও-এ নির্মাণ হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ৫টি ভবন।
জানা যায়, ২০১০ সালে সুনামগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়া হয়। তখন জমি নির্বাচন নিয়ে রাজনৈতিকভাবে জটিলতা সৃষ্টি হয়েছিল। তৎকালীন সময়ে জেলার প্রভাবশালী রাজনীতিবিদ দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত চেয়েছিলেন এটা দিরাইয়ে প্রতিষ্ঠা করতে করতে। কিন্তু উপযুক্ত জমি না পাওয়ায় দিরাইয়ে করা সম্ভব হয়নি। সূত্র জানায়, সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ৬০০ জন প্রশিক্ষণার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। তবে প্রতিটি কোর্সে এক থেকে দুই হাজার জন প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। এই প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামী নারী-পুরুষ ৩০ দিনের প্রশিক্ষণ কোর্স ও পুরুষরা ৩ দিনের ওরিয়েন্টেশন কোর্স করতে পারবেন। এছাড়া ১৫ দিন, একমাস, তিন মাস ও ৬ মাস মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হবে।
এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভোকেশনাল এসএসসি (২ মাস মেয়াদী), ৬ মাস মেয়াদী ইলেক্ট্রনিক, ইলেকট্রিক্যাল, আইটি, কম্পিটার, গার্মেন্ট, ডিজাইনসহ ১৭টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। একমাস ব্যাপি হাউজ কিপিং প্রশিক্ষণ দেয়া হবে।
জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জন্য চারতলা বিশিষ্ট একটি একাডেমিক ভবন, চারতলা বিশিষ্ট ১ টি ডরমেটরি ভবন, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের জন্য তিনতলা বিশিষ্ট ১টি আবাসিক ভবন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে বৈদ্যুতিক সাব স্টেশনের জন্য একতলা বিশিষ্ট একটি ভবন ও শিক্ষার্থীদের বাইসাইকেল রাখার জন্য একটি সাইকেল সেড নির্মাণ করা হয়েছে। সবগুলো ভবন নির্মাণে কাজ প্রায় শেষ পর্যায়ে; এখন শেষ পর্যায়ের কাজগুলো করা হচ্ছে। আগামী জানুয়ারি মাসে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কাজ শেষ হলে জুন মাস থেকে এখানে প্রশিক্ষণের কাজ শুরু হবে।
জেলা গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৗশলী আশরাফুল আলম বলেন,‘সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সকল অবকাঠামো মির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী জুন মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও জানুয়ারি মাসেই কাজ শেষ হবার পর অবকাঠামো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’
সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ পরিমল কান্তি দে বলেন,‘ সুনামগঞ্জের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। এতে জেলাবাসী খুবই উপকৃত হবে। কারণ কোন মানুষের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা থাকলে তার চাকুরি খোঁজতে হয় না। নিজেই নিজের অর্থ উপার্জনের পথ বের করতে পারবেন। ’
সিলেট মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. আব্দুর রব বলেন, ‘এটি চালু হলে সুনামগঞ্জের লোকজনকে আর সিলেটে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে না। বিদেশগামীরা এখান থেকেই প্রশিক্ষণ নিতে পারবেন। এই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনে সুনামগঞ্জের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান মহোদয়ের অবদান রয়েছে। তিনি জেলার উন্নয়ন নিয়ে সবসময় আন্তরিকভাবে কাজ করছেন।
জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবু জাফর সিদ্দিক বলেন,‘ ২ একর জমির উপরে নির্মাণ হচ্ছে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আমরা আশা করছি আগামী জানুয়ারি মাসে কর্তৃপক্ষের কাছে প্রশিক্ষণ কেন্দ্রটি হস্তান্তর করতে পারব। ’
্র


