দরিদ্র কৃষকদের ধান কেটে দিলো ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাও এলাকার কৃষক মইনুল ইসলাম ও বদরুল আলমের ১১ কেয়ার জমির বোরো ধান কেটে দিলো ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র নেতৃত্বে একদল নেতাকর্মী নিজেরা ও হারভেস্টার যন্ত্র সহযোগিতায় এই ধান কেটে দেন।
ধান কাটায় অংশ নেন জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দরিদ্র কৃষক মইনুল ইসলাম ও বদরুল আলমের দাবি, কয়েক দিন আগে থেকে জমির ধান পেকে গেলেও টাকার অভাবে শ্রমিক ও হারভেস্টার যন্ত্রের ব্যবস্থা করতে পারছিলেন না তারা।। এ কারণে ধান ঘরেও তুলতে পারছিলেন না তারা। এই খবর পেয়ে তাদের ১১ কেয়ার জমির বোরো ধান কাটতে সহযোগিতায় এগিয়ে আসে ছাত্রলীগ।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন বলেন, করোনা মহামারী থেকে শুরু করে এবারের বৈশাখ পর্যন্ত অসহায় কৃষকদের সহায়তা করে আসছে ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে বললেন, ছাত্রলীগের সঙ্গে জড়িত সবাই কোনো না কোনো কৃষকের সন্তান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ছাত্রলীগের নেতা কর্মীরা হাওরের কৃষকের পাশে দাঁড়িয়েছে।