বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনে প্রকাশ্য সভা করে জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী’র স্বতন্ত্র প্রার্থী ধনকুবের ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু’র পক্ষে ভোট চাওয়ায় জেলা জুড়ে বিএনপিতে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি’র ক্ষুব্ধ স্থানীয় এবং কেন্দ্রীয় দায়িত্বশীল নেতাদের অনেকে বলেছেন,‘কেন্দ্রীয় সিদ্ধান্ত লংঘন করছেন নাছির উদ্দিন চৌধুরী, দলের পদ ব্যবহার করে এমন প্রচারণায় যুক্ত হতে পারেন না তিনি’।
জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী দলীয় কর্মীসভা করে দিরাই-শাল্লা উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেবার আহ্বান জানাচ্ছেন। বুধবার কয়েকটি জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় এই সংবাদ ছাপা হওয়ায় জেলা জুড়ে বিএনপি নেতা কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া এ প্রসঙ্গে বলেন,‘বিএনপি জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে। দিরাই-শাল্লার ক্ষেত্রেও দলের একই সিদ্ধান্ত। নাছির উদ্দিন চৌধুরী কেন্দ্রীয় সিদ্ধান্ত লংঘন করছেন। দলের পদ ব্যবহার করে সংসদ নির্বাচনে একজন প্রার্থী’র পক্ষে সভা করে প্রচারণা চালাতে পারেন না তিনি’।
বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সাখাওয়াত হাসান জীবন বলেন,‘উপ নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করা হয়নি। কাউকে সমর্থন দেবার বিষয়েও দলীয় সিদ্ধান্ত নেই।’
বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী বলেন,‘‘দিরাই-শাল্লা উপ-নির্বাচনে দলের কোন প্রার্থী নেই। প্রচারণায় যাওয়ারও কোন সিদ্ধান্ত নেই। একতরফা, অগ্রহণযোগ্য’ নির্বাচনে বিএনপি নেতা কর্মীদের যুক্ত না হবার আহ্বান জানাচ্ছি’।
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ডা. রফিক চৌধুরী বলেন,‘বিএনপি’র কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে নাছির উদ্দিন চৌধুরী কোন স্বার্থে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাইছেন, তিনিই জানেন। এই কাজ কেন্দ্রীয় সিদ্ধান্তের
পরিপন্থি।’
সুনামগঞ্জ পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. শেরেনুর আলী বলেন,‘কারো পক্ষে ভোট চাওয়া এবং নির্বাচনে অংশগ্রহণ করার মধ্যে কোন পার্থক্য নেই। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত নির্বাচন বর্জনের, এই অবস্থায় কোন দায়িত্বশীল নেতা কারো পক্ষে ভোট চাইতে পারেন না।’
প্রসঙ্গত. মঙ্গলবার সন্ধ্যায় জেলা বিএনপি’র আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী এই প্রতিবেদককে বলেছেন ‘আমাদের ৫০-৬০ হাজার ভোট নৌকায় না দিয়ে স্বতন্ত্র প্রার্থীকে দেবার জন্য কর্মীসভা করে বলে দিয়েছি আমি।’
- সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড বিস্ফোরণ- আরিফুল ও গৌছসহ সকল আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত
- হঠাৎই ওয়ানডে সিরিজে মিরাজ


