দল বদলালেও মন বদলায় না সুবিদ আলীর

সু.খবর ডেস্ক
দেশের জাতীয় নেতারা বিভিন্ন সময় নিজের প্রয়োজনে দল বদলান। কখনো বিএনপি থেকে আওয়ামী লীগে, আওয়ামী লীগ থেকে বিএনপিতে আবার কখনো জাতীয় পার্টি ও জামায়াত থেকে বিএনপি ও আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। বর্তমানে আওয়ামী লীগে যোগদানের হিড়িক পড়েছে।
জামায়াত ও বিএনপি থেকে বহু নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছেন। নীতি ও আদর্শের বিপরীতমুখী অবস্থান সত্ত্বেও জামায়াত-শিবির নেতাকর্মীদের কাছে টানছে আওয়ামী লীগ। চলতি বছর  সারা দেশে জামায়াতে ইসলামীর প্রায় পাঁচ হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। বিএনপিসহ আরো কয়েকটি দল ধরলে সংখ্যাটি প্রায় ২০ হাজার। নেতারা দল বদলালেও মন বদলাতে পারেন নি।
একসময় সুবিদ আলী ভূইয়া বিএনপির মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তাই তিনি জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলেছেন। খালেদা জিয়া ও তারেক রহমান জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে তুলোধুনো করেছেন ছাতক দোয়ার সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মুহিবুর রহমান মানিক। আওয়ামী নেতা সুবিদ আলী ভূইয়া জিয়াকে প্রথম রাষ্ট্রপতি বলেছেন। এবার কি করবে আওয়ামী লীগ?
বর্তমান সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী। তিনি বিএনপির আমলে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ছিলেন। চাকরি থেকে অবসর নেয়ার পর বিএনপির মনোনয়ন চেয়েও পান নি। ২০০১ সালে কুমিল্লা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে হেরে যান। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৮ সালে বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেনকে হারিয়ে সংসদ সদস্য হন।
নবম সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন তিনি। এবার দশম সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে সুবিদ আলী ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ১৯৬৯ সালে ক্যাপ্টেন হিসেবে চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বদলি হন। যেখানে জিয়াউর রহমানও ছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধের শুরুতে জিয়ার অধীনেই যুদ্ধ করেছিলেন সুবিদ আলী।