দশ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের সাত সীমান্ত এলাকায় অভিযানে প্রায় দশ লক্ষাধিক টাকার ভারতীয় মদ, কয়লা, শাড়ি, চিনি, সুপারী, পান এবং সাবান জব্দ করেছে ২৮ বিজিবি টিম।
জানা যায়, আশাউড়া বিওপির টহল দল ২৪ এপ্রিল (সোমবার) সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের দর্পগ্রাম থেকে ৯০ কেজি ভারতীয় চিনি, বাঁশতলা বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও থেকে ৯০০ পিস ভারতীয় সুপারী এবং ৪ বিরা পান, চারাগাঁও বিওপির টহল দল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি থেকে ১,৫০০ কেজি ভারতীয় কয়লা, বাঙালভিটা বিওপির টহল দল মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের বাঁকাতলা থেকে ২২৫ পিস ভারতীয় সাবান, নারায়নতলা বিওপির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা থেকে ১৯৫ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে।
চাঁনপুর বিওপির টহল দল ২৫ এপ্রিল (মঙ্গলবার) তাহিরপুর উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা হতে ৩৬ কেজি ভারতীয় চিনি, নারায়নতলা বিওপির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করে।
জব্দকৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ১০ লক্ষ ২৯ হাজার ৭২০ টাকা (মাদক মূল্য ব্যতিত)।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান পিবিজিএম জানান, আটককৃত মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভারতীয় কয়লা, শাড়ী, চিনি, সুপারী, পান এবং সাবান সুনামগঞ্জ শুল্ক কার্যালয় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।