দিরাইয়ে বাঁধ নির্মাণে দুনীর্তি/ ব্যবস্থা গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার
দিরাইয়ের চাপতির হাওর পানিতে তলিয়ে যাওয়ায় এবং বাঁধ নির্মাণে দুনীর্তি হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের পৌর মার্কেট এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বাঁধ নির্মাণে দুনীর্তিবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দিরাই উপজেলার চাপতির হাওরপাড়ের এক লক্ষ মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল। গত ৬ এপ্রিল রাতে চাপতির হাওরের বৈশাখী বাঁধ ভেঙে পানি ঢুকে তাড়ল, করিমপুর ও জগদল ইউনিয়নের প্রায় ৪ হাজার হেক্টর ফসল তলিয়ে যায়। বাঁধ নির্মাণে দুনীর্তি হওয়ার কারণে এবার হাওরের ফসল পানিতে তলিয়ে গেছে। এই কারণে সকল কৃষকেরা নি:স্ব হয়ে পড়েছেন। বাঁধ নির্মাণে স্থানীয় এমপি’র ঘনিষ্ট লোক পরিচয়ে জাহেদ চৌধুরী এবং একজন হলুদ সাংবাদিক ১৫, ১৬, ১৭, ৮২ নম্বর পিআইসিতে তাদের পরিবারের লোকজন যুক্ত করেছেন। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে বেশিরভাগ পিআইসি গঠন করা হয়। এবারের বাঁধ নির্মাণে সীমাহীন দুনীর্তি হয়েছে, যার ফলে বাঁধ ভেঙে অকালে পানিতে তলিয়ে যায়। তাঁরা দুনীর্তিবাজদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নূরে আলম চৌধুরী, রায়হান মিয়া, তহুর আলম, নজির মিয়া, আতাউর রহমান, দিল আমিন, তহশীল মিয়া প্রমুখ।