দিরাইয়ে আসামীর দায়ের কোপে এসআই আহত

দিরাই প্রতিনিধি
আদালতের ওয়ারেন্টভূক্ত আসামী দিরাইয়ে শরিফপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে সাবাজুর রহমানকে গ্রেফতার করতে গিয়ে আসামীর দায়ের কোপে গুরুতর আহত হয়েছেন দিরাই থানার এসআই শাহ আলম ভুইয়া।     গুরুতর আহতবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে আহত এসআই শাহ আলম ভুইয়াকে সিলেটে গিয়ে হাসপাতালে দেখে এসেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও দিরাই থানার ওসি মোস্তফা কামাল। পুলিশ সুপার আহত এসআই শাহ আলম ভুইয়ার চিকিৎসার খোঁজ খবর নেন ও চিকিৎসকদের সাথে কথা বলেন।
এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২ টার দিকে এসআই শাহআলম ভুইয়ার নেতৃত্ব দিরাই থানার একদল পুলিশ আসামী সাবাজুর রহমানকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায়। আসামীর ঘরের সামনে গিয়ে নক করলে দরজা খোলে পুলিশ দেখা মাত্র আসামী সাবাজুর দা নিয়ে তেড়ে আসে এবং এসআই শাহআলম ভুইয়ার মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কোপ মারে, এসময়  পুলিশের অন্য সদস্যরাও আহত হন। পরে সাবাজুর রহমানকে পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান জানান, এসআই শাহ আলমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশংকামুক্ত, হাসপাতালে তার চিকিৎসাসেবা চলছে। আসামী সাবাজুরকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।