দিরাই সংবাদদাতা
দিরাই পৌর এলাকায় কোমল পানীয় ‘টাইগার’ খেয়ে রুম্মান হোসেন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে দিরাই পৌর সদরের দাউদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
রুম্মান দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের আগুর মিয়ার ছেলে। তার পরিবার বেশ কিছুদিন ধরে দিরাই পৌর সদরের দাউদপুর গ্রামে বসবাস করছে।
রুম্মানের আত্মীয় হারুন জানান, শুক্রবার সকালে রুম্মান ঘর থেকে বের হয়ে যায়। দুপুরের দিকে ঘরে ফিরে পরিবারের লোকজনকে সে জানায়- টাইগার (কোমল পানীয়) খেয়েছিল, এখন তার শরীরে অশান্তি করছে। এরপর সে বিষম খায়। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন জানান, প্রাথামিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ায় এই ঘটনা ঘটে থাকতে পারে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।


