স্টাফ রিপোর্টার
দুর্নীতি দমন কমিশন-দুদকের কমিশনার ড. নাসির উদ্দীন আহমেদ বলেছেন,‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের অগ্রগতির পথে বড় বাধা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি কমিয়ে আনতে পারলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। তাই দুর্নীতি প্রতিরোধে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে।
বুধবার দিরাই পৌর শহরের উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশন-দুদক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। গণশুনানির আগে শহরে দুর্নীতিবিরোধী বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নাসির উদ্দীন আহমেদ ছাড়াও বক্তব্য দেন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান খান, সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলতাব হোসেন, দিরাই পৌরসভার মেয়র মো. মোশারফ মিয়া, দুদকের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক শিরীন পারভিন, টিআইবির সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি নুরুর রব চৌধুরী, সনাক সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, টিআইবির কর্মকর্তা চিত্তরঞ্জন রায় প্রমুখ। আলোচনা পর্ব সঞ্চালনা করেন টিআইবির সনাক সদস্য ও সাংবাদিক খলিল রহমান।
বক্তারা বলেন, সরকার দুর্নীতি প্রতিরোধে আন্তরিক। যারা ঘুষ নেন এবং দেন তারা উভয়ই দোষী। তাই ঘুষ নেওয়া ও দেওয়াÑদুইটাই বন্ধ করতে হবে। সেবা প্রদানকারী এবং সেবাগ্রহিতাদের মানসিকতা বদলাতে হবে। সরকারের সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
আলোচনার পর জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সঞ্চালনায় গণশুনানি শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপি গণশুনানিতে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাধারণ মানুষজন। এসব অভিযোগের জবাব দেন দিরাইয়ের সরকারি ১১টি দপ্তরের কর্মকর্তারা। কোনো অভিযোগের তাৎক্ষণিক প্রতিকার করা হয়। আবার কোনোটির সমস্যা সমাধানে দুদক কমিশনার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সময় বেধে দেন এবং বিষয়টি তারা তদারক করবেন বলে জানান।


