স্টাফ রিপোর্টার, দিরাই
ভাটি অঞ্চলে আকস্মিক বন্যায় বোরো ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেছেন, প্রকৃতির চেয়ে মানবসৃষ্ট দুর্যোগের কারণেই হাজার হাজার কৃষকের গোলায় ফসল ওঠেনি। আমরা নদীর গতিপথ পরিবর্তন করে মেরে ফেলেছি। হাওর রক্ষায় অস্থায়ী বাঁধ বর্ষার ঢেউয়ে ভেঙ্গে সবগুলো নদী ভরাট হয়ে গেছে। বৃষ্টির পানি ধারণ ক্ষমতা নদীর নেই। পাহাড়ি ঢলে নদীর পানি উপচে হাওরে প্রবেশ করে ফসলহানি ঘটে। অনেক জমিতে ফসল ফলানো যাচ্ছে না। এভাবে যদি আরও কিছু দিন চলে, আমরা বন্যামুক্ত স্থায়ী বাঁধ কিংবা নদী খননের দিকে না যাই তাহলে একদিকে যেমন অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষা করা যাবে না তেমনি সেচের অভাবে জমিতে ধান ফলানো যাবে না।
রোববার দিরাই উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আকস্মিক বন্যা, ভূমিকম্প ও বজ্রপাত বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মোশাররফ মিয়া,
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, প্রেসক্লাব সভাপতি টিপু সুলতান, ইউপি চেয়ারম্যান নুরুল হক তালুকদার, ইউপি সচিব আব্দুল্লা আল-আমিন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান তালুকদার বলেন, আমরা ভাটি অঞ্চলের মানুষ, দুর্যোগের মধ্যেই আমাদের বসবাস। দুর্যোগের মধ্যেই আমাদের জীবন-যাপন। এটা আমাদের জীবনের একটি অভিশাপ। আবার এটাই আমাদের গর্ব-অহঙ্কার। কারণ এখানে প্রচুর মাছ হয়, ধান হয়, সবজি হয়। অথচ মানবসৃষ্ট দুর্যোগের কারণে এসব সম্পদ আমরা রক্ষা করতে পারি না। তিনি বলেন, কিছু সংখ্যক অসাধু পিআইসি যারা বাঁধের কাজ করান, এবং পাউবোর কিছু সংখ্যক অসাধু প্রকৌশলী যারা বাঁধের কাজ তদারকি করেন এরাই মূলত মানবসৃষ্ট দুর্যোগের জন্য দায়ী। যেখানে মাঘ-ফাল্গুন মাসে বাঁধ বাঁধার কথা সেখানে বৈশাখ মাসেও বাঁধের কাজ শেষ হয় না। হাজার হাজার কৃষকের সোনালী ফসল দুর্যোগে আক্রান্ত হয়। তখন পানি উন্নয়ন বোর্ডের অসাধু প্রকৌশলীদের আর দেখা মেলে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদের ২/৪ জনকেও যদি আইনের আওতায় নিয়ে আসা যায় তাহলে অন্যরাও সতর্ক হয়ে যাবে। সভাপতির সমাপনি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, প্রকৃতি বা মানবসৃষ্ট আপদের ফলে দুর্যোগ দেখা দেয়। মানুষ, সম্পদ ও পরিবেশের এত ক্ষতি সাধন করে যা মোকাবেলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হয়। তবে বন্যা, বজ্রপাত ও ভূমিকম্পে যথাযথ সচেতনতা ও পূর্ব প্রস্তুতি থাকলে এসব দুর্যোগে ক্ষয়-ক্ষতি কমিয়ে আনা যেতে পারে।


