স্টাফ রিপোর্টার
দিরাইয়ে নৌকা প্রতীক না পেয়েও আওয়ামী লীগের প্রার্থী হলেন দু’জন। এরা হলেন উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শাজাহান কাজী এবং জগদল ইউনিয়নের শিবলি আহমদ বেগ। স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা সুরঞ্জিত সেন গুপ্ত’র ঘনিষ্টজনেরা সোমবার উপজেলার ৯ ইউনিয়নের প্রার্থী পরিচয় করিয়ে দেবার সময় দলীয় মনোনীত অর্থাৎ নৌকা প্রতীক প্রাপ্ত ৭ প্রার্থী’র সঙ্গে বিদ্রোহী (নৌকা প্রতীক প্রাপ্তি থেকে বঞ্চিত) এই দুই প্রার্থীকেও দলের প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দেন।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিরাই পৌর মেয়র মোশাররফ মিয়া- একে একে উপজেলার রফিনগর ইউনিয়নে দলীয় প্রার্থী হিসাবে রেজোয়ান খান, রাজানগর ইউনিয়নে সৌম্য চৌধুরী, চরনারচর ইউনিয়নে পরিতোষ রায়, সরমঙ্গল ইউনিয়নে কানু দাস, করিমপুর ইউনিয়নে আছাব উদ্দিন সর্দার, তাড়ল ইউনিয়নে আহমদ চৌধুরী, কুলঞ্জ ইউনিয়নে মিল মিয়া এবং ভাটীপাড়ায় নৌকা প্রতীক জাহেদুল ইসলাম চৌধুরী পেলেও দলীয় প্রার্থী পরিচয় করিয়ে দেওয়া হয় শাজাহান কাজী ও জগদল ইউনিয়নে হুমায়ুন রশীদ নৌকা প্রতীক পেলেও শিবলি আহমদ বেগকে দলীয় প্রার্থী পরিচয় করিয়ে দেওয়া হয়।
জগদল ইউনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন রশিদ বলেন, ‘দলের সভানেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলেও স্থানীয় আওয়ামীলীগ নেতারা নৌকা প্রতীকের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী শিবলী বেগ’র পক্ষ নিয়েছেন। তবে সুরঞ্জিত সেনগুপ্ত আমার সাথে রয়েছেন। নৌকা প্রতীকের জয় কেউ ছিনিয়ে নিতে পারবে না।’
ভাটিপাড়া ইউনিয়নে দলীয় প্রার্থী জাহেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমানের মাধ্যমে নৌকা প্রতীক পাওয়ায় দিরাই উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাকে এড়িয়ে চলছেন। বিদ্রোহী প্রার্থী শাজাহান কাজীকে তারা দলের প্রার্থী পরিচয় করে দিয়েছেন। পরিচিতি সভাতেও আমাকে ডাকেন নি তারা। এমনকি বিদ্রোহী প্রার্থীকে নিয়ে শোডাউন করে মনোনয়ন দাখিল করেছেন।’
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বলেন, ‘তৃণমূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে তারা কিভাবে দলীয় মনোনয়ন পেয়েছেন, তা ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতারা জানেন না। এর পরেও যেহেতু তারা নৌকা প্রতীক পেয়েছেন এ নিয়ে আমাদের কোনো কথা নেই। আমরা বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নয়। জাহেদুল ইসলাম চৌধুরী ও হুমায়ুন রশীদকে পরিচিতি সভায় ডেকেছি আমরা, তারা আসেনি। শাজাহান কাজী ও হুমায়ুন রশীদ সভায় উপস্থিত রয়েছেন কেবল এই বিষয়টিই বলা হয়েছে’।


