দিরাই প্রতিনিধি
দিরাইয়ে পুলিশের বাধায় বিএনপি’র পূর্ব নির্ধারিত সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান পণ্ড হয়েছে। অনুষ্ঠান না করতে পেরে বিক্ষোভ মিছিল, পথসভা ও সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা বিএনপি। শনিবার বেলা ১১টায় জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস শহিদ চৌধুরীর নেতৃত্বাধীন দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল দিরাই উপজেলা বিএনপির
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস শহিদ চৌধুরীর। বিশেষ অতিথি ছিলেন নবগঠিত জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা যুবদলের আহবায়ক আনসার উদ্দিন, জেলা বিএনপির সহ-সভাপতি সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম। কিন্তু সকাল থেকে একদল পুলিশ কমিউনিটি সেন্টারটি নিয়ন্ত্রণে নিয়ে তালা লাগিয়ে দেয়। নেতাকর্মীরা ভিতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এ কারণে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠান স্থগিত করে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে রাস্তায় দাঁড়িয়ে পথসভা ও বিক্ষোভ মিছিল করেন। এতে বক্তব্য রাখেন, আব্দুস শহিদ চৌধুরী, হুমায়ুন কবির তালুকদার, লিপন হাসান, মহিউদ্দিন মিলাদ প্রমুখ।
পরে দুপুর ১২টায় আব্দুস শহিদ চৌধুরীর বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আমরা একটি কমিউনিটি সেন্টারে শান্তিপূর্ণভাবে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। কিন্তু কোন ধরনের রাজনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করেই পুলিশ স্বৈরাচারী কায়দায় আমাদের অনুষ্ঠানে বাধা দিয়েছে। কোন গণতান্ত্রিক দেশে পুলিশের এরকম আচরণ গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এব্যাপারে অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিন বলেন, পুলিশের ফ্যাসিবাদী আচরণে আমাদের অনুষ্ঠান প- হয়েছে। দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের দলীয় কার্যক্রমে বাধা দিয়ে সরকার তাদের স্বৈরাচারী মনোভাবের প্রকাশ করেছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
দিরাই থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন জানান, তাদের অনুষ্ঠান করার কোন অনুমতি পত্র নেই। অনুমোদন ছাড়া প্রোগ্রাম করা যাবে না। এটি উর্ধ¦তন কর্তৃপক্ষের নির্দেশ।


