দিরাই প্রতিনিধি
দিরাইয়ে লন্ডন ভিত্তিক সামাজিক সংগঠন ‘দিরাই থানা ডেভলপমেন্ট অর্গানাইজেশন ইউকে’র উদ্যোগে শতাধিক মেধাবী শিক্ষার্থীকে মাঝে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দিরাই উপজেলা পরিষদ গণমিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি লুৎফুর রহমান খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, কানাডা প্রবাসী কমিউনিটি নেতা আমিরুল হক, সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল কাদির, প্রচার সম্পাদক শাহীন মিয়া, বাংলাদেশ সমন্বয়কারী ফারুক সরদার, অভিভাবক সদস্য প্রভাষক সোয়েব হাসান চৌধুরী, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, শিক্ষক প্রতিনিধি সাজিদুর রহমান, শিক্ষার্থী কামরুজ্জামান, শাহিদা বেগম প্রমুখ।
উপজেলার ১৮টি উচ্চ বিদ্যালয়ের ১২৯ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও নগদ ৪ হাজার করে টাকা প্রদান করা হয়।


