দিরাইয়ে সম্প্রীতি উৎসব

স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার ‘রাজানগর ইউনিয়ন জনকল্যাণ গ্রুপ’র উদ্যোগে সম্প্রীতি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী ইউনিয়নের গচিয়া শামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ওইদিন সকাল থেকে ২শ’ মিটার লম্বা দৌঁড়, লম্বা লাফ, রশি লাফ, ক্রিকেট, ফুটবল ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতায় গচিয়া শামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং রাজানগর কৃষ্ণ চন্দ্র পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী ও রাজানগর ইউনিয়ন জনকল্যাণ গ্রুপের উপদেষ্টা কামরুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গচিয়া শামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দোলন রায় তালুকদার ও রাজানগর কৃষ্ণ চন্দ্র পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকেশ চন্দ্র সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক একে কুদরত পাশা। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় শতাধিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।