দিরাইয়ে হেফাজত ও হিউম্যানিটি ফর রোহিঙ্গা

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে রোহিঙ্গাদের গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখা ও হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ দিরাই পৌর সদরে বিক্ষোভ মিছিল করে স্থানীয় থানা পয়েন্টে মানববন্ধন কর্মসুচি পালন করে।
হেফাজতে ইসলামের দিরাই উপজেলা শাখার সভাপতি মাও. নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মাও. নূরউদ্দিন ও মাও. উবায়দুল হক চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাও. হাবিবুর রহমান, মাও. মুহিউদ্দিন ক্বাসিমী, মাও. ইলিয়াছ আহমদ, মাও. আবুল বশর নোমান, হাফিজ মাও. মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাও. আবিদুর রহমান, জাকারিয়া হোসেন জোসেফ প্রমুখ।
বক্তারা বলেন, মায়ানমারের সরকার যেভাবে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন-নিপীড়ন করছে তা ইতিহাসের চরম অন্যায় আচরণ। জাতিসংঘ এখন পর্যন্ত কোন ভূমিকা না রাখায় নিন্দা জানিয়ে বক্তারা বলেন, আন্তর্জাতিক আদালতে মামলা করে এই পৈশাচিক গণহত্যার বিচার করতে হবে। বিশেষ করে বাংলাদেশ সরকারের প্রতি আবেদন করে নেতৃবৃন্দ বলেন, জাতিসংঘের কাছে রোহিঙ্গাদের উপর হামলা বন্ধ করতে জোড়ালো ভূমিকা রাখতে হবে। বক্তারা ‘হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ’ কর্তৃক ঘোষিত আগামী ২১-২২ সেপ্টেম্বর রোডমার্চে অংশগ্রহণ ও সফলের আহ্বান জানান।
এর আগে দিরাই উপজেলা হেফাজতের উদ্যোগে দিরাই বাজার জামে মসজিদ থেকে ও হিউম্যানিটি ফর রোহিঙ্গা বাংলাদেশ দিরাই-শাল্লা ইউনিটের উদ্যোগে দিরাই থানা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে থানা পয়েন্টে এসে প্রতিবাদ সভা ও মানববন্ধনে মিলিত হয়। পরিশেষে মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।