দিরাই প্রেসক্লাব সভাপতির চিকিৎসায় উপজেলা প্রশাসনের অনুদান

স্টাফ রিপোর্টার
দিরাই প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক টিপু সুলতানের চিকিৎসায় দিরাই উপজেলা প্রশাসন আর্থিক অনুদান প্রদান করেছে। শুক্রবার সাংবাদিক টিপু সুলতানের কলেজ রোডস্থ বাসভবনে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন অনুদানের নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক হাসিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,  উপজেলা সমবায় কর্মকর্তা সফিউল আলম, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইদ্রিস আহমদ, পল্লী সঞ্চয় ব্যাংক’র ব্যবস্থাপক প্রিয়ব্রত রায়সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাংবাদিক টিপু সুলতান দীর্ঘদিন থেকে  হেপাটাইটিস বি-ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তিনি ঢাকাস্থ হেপাটো বিলিয়ারী পেনক্রিয়াটিক সার্জারী ও লিভার ট্রান্সপ্লান্টেশনস বারডেম হাসপাতালের অধ্যাপক মোহাম্মদ আলীর তত্তাবধানে উন্নত চিকিৎসা নিচ্ছেন। ২০১১ সালে অনেক পরীক্ষা-নিরীক্ষার পর সাংবাদিক টিপু সুলতানের হেপাটাইটিস রোগে আক্রান্ত হবার কথা জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. এ এফ এম নাজমুল ইসলাম। পরে তিনিই টিপু সুলতানের চিকিৎসা শুরু করেন।
উল্লেখ্য, টিপু সুলতান দৈনিক সমকাল, দৈনিক সবুজ সিলেট ও দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় কাজ করছেন। এর আগে তিনি দৈনিক যুগান্তর পত্রিকায় কাজ করেছেন।