‘দিরাই বিএনপিতে রাজনীতি নেই, আছে তেলবাজী’

আবু হানিফ চৌধুরী, দিরাই
দিরাই-শাল্লা উপজেলা বিএনপিতে যাই যাই অবস্থা চলছেই। একে একে সিনিয়র নেতৃবৃন্দের দলত্যাগ ও দলীয় কর্মকান্ডে নিস্ক্রীয়তার ফলে দলে হযবরল অবস্থা বিরাজ করছে। কর্মী-সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। এ নিয়ে দলীয় কার্যালয় থেকে শুরু করে গ্রামের নেতাকর্মীদের মাঝে চলছে আত্ম সমালোচনা।
দলত্যাগী ও আত্ম-সমালোচনাকারীদের অভিযোগ, দলে পরিবারতন্ত্র কায়েম করেছেন এলাকার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী। তিনি নিজের ভাই মঈন উদ্দিন চৌধুরী মাসুককে কেন্দ্রীয় অনুমোদন ছাড়াই উপজেলা যুবদলের সভাপতি ঘোষণা করেছেন ও তাকে দুই দুই বার পৌরসভায় মেয়র প্রার্থী করে ভরাডুবি করিয়েছেন।
দলীয় সুত্রে জানা যায়, এলাকার সাবেক সংসদ সদস্য সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরীর ছোট ভাই অনুমোদন বিহীন উপজেলা যুবদলের (স্বঘোষিত) সভাপতি মঈন উদ্দিন চৌধুরীর মাসুকের দাপটের কারণে বয়োজ্যেষ্ট রাজনীতিবিদরা দলে ঠিকতে পারছেন না। দিরাই বিএনপি যেন মাসুক চৌধুরীর ব্যক্তিগত কোম্পানীতে পরিণত হয়েছে, তার হুকুমে সবই হয়। নাছির উদ্দিন চৌধুরীও তার ভাইয়ের চাওয়া থেকে বেরিয়ে আসতে পারছেন না। শুধু মাত্র তার কারণেই দলের এ করুন অবস্থার সৃষ্ঠি হয়েছে। প্রথমবার মঈনুদ্দিন চৌধুরীকে দিরাই পৌরসভায় মেয়র প্রার্থী ঘোষণার পর তৎকালীন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সরদার, পৌর বিএনপির সহ-সভাপতি বদর মিয়া, দ্বিতীয় বার প্রার্থী  করার পর উপজেলা বিএনপির সহ-সভাপতি রশিদ আহমেদ বাচ্চু, যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দিন চৌধুরীর ভাগ্নে ইয়াহিয়া চৌধুরী দলত্যাগ করেন। সম্প্রতি মাসুক মিয়ার দাপটেই দলত্যাগের তালিকায় যুক্ত হচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফিজুর রহমান তালুকদার।
দলত্যাগের কথা স্বীকার করে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেন, ‘দিরাই উপজেলা বিএনপিতে রাজনীতি নেই, আছে তৈলবাজী। যেখানে আত্মসম্মান ধরে রাখা যায় না সেখানে থাকা ঠিক নয়। জনগণ ভোটদিয়ে প্রতিনিধি বানিয়েছে তাদের জন্য কিছু করা প্রয়োজন।’
তবে উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান বলেন, ‘আমরা শুনতে পারছি তিনি চলে যাচ্ছেন। উনি মামলা থেকে বাচতে দল ছাড়ছেন।’
উল্লেখ্য, গত জানুয়ারীতে উপজেলার ধলকুতুব গ্রামের মুক্তার আলী হত্যা মামলায় প্রধান আসামী করা হয় উপজেলা চেয়ারম্যানকে। (মামলা নং০৮, তারিখ:১৪/০১/২০১৬। কিন্তু সম্প্রতি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে বাদ দিয়ে সেই হত্যা মামলার চার্জশিট দেয়া হয়েছে। তাই অনেকেই বলছেন মামলা থেকে বাঁচার শর্তেই উপজেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, মাসুক চৌধুরীর দাপটের কারণেই দলীয় কর্মকান্ডে নিস্ক্রীয় রয়েছেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আহমদ মিয়া, সাবেক সভাপতি ও কাউন্সিলর আমির হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাবেক উপজেলা যুবদলের সভাপতি শামছুল আলম চৌধুরী শাহীন। জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক আসপিয়া অনুসারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস শহীদ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি হুমায়ুূন কবির তালুকদার ও ছাত্রদল নেতা মহিউদ্দিন মিলাদের নেতৃত্বে একটি গ্রুপ আলাদাভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অভিযোগের বিষয়ে উপজেলা যুবদলের সভাপতি মাসুক চৌধুরী দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘আমি ও আমর পরিবার বিএনপির কোন সময়ই রাজনীতিকে কুক্ষিগত করিনি। আমরা এই রাজনীতি পছন্দ করি না। কেন্দ্র ও জেলা কমিটির অনুমোদনক্রমে আমাদের উপজেলা যুবদলের কমিটি হয়েছে। যারা সুবিধাবাদের রাজনীতি করেন তারাই আমাদের বিরুদ্ধে এসব কথা বলেন।’ তিনি আরো বলেন,‘আমি লোকমূখে শুনেছি উপজেলা চেয়ারম্যান বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান করছেন। তবে এ বিষয়ে তাঁর সাথে আমার কোন কথা হয়নি।’
জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী বুধবার রাতে দৈনিক সুনামগঞ্জের খবরকে বলেন,‘আমাদের প্রভাবের কারণে দিরাইয়ের বিএনপির নেতাকর্মীরা দল ছাড়ছেন একথা সঠিক নয়। যারা দল থেকে চলে যাচ্ছেন তারা নিজের ইচ্ছায় ব্যক্তিগত কারণেই দল ছাড়ছেন এবং পদত্যাগ করছেন। শুনেছি একটা মিথ্যা হত্যা মামলা থেকে রক্ষা পেতে উপজেলা চেয়ারম্যান নাকি আওয়ামী লীগে যোগদান করছেন। ’