‘দি অপটিমিস্ট’র শিক্ষা সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
যুক্তরাষ্ট্রপ্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি অপটিমিস্ট’র পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলার ৩৯ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। শহরের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এই সহায়তা বিতরণ অনুষ্ঠান হয়।
সংগঠনের সুনামগঞ্জ জেলা পরিচালক গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘দি অপটিমিস্ট’র কান্ট্রি ডাইরেক্টর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) আব্দুছ ছালাম চৌধুরী এনডিসি,  ডা. লে. কর্নেল (অব.) রোকেয়া রহমান। স্বাগত   
বক্তব্য রাখেন সংগঠনের সুনামগঞ্জ শাখার পরিচারকমন্ডলীর সদস্য পরিচালক শিক্ষাবিদ পরিমল কান্তি দে। এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজসেবী ডি চৌধুরী অসিত, সংগঠনের সুনামগঞ্জ জেলার পরিচালকমন্ডলীর সদস্য মুক্তিযোদ্ধা সৈয়দুর রহমান ও সাংবাদিক খলিল রহমান, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আজিজুল সিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের স্বেচ্ছাসেবক রাজু আহমেদ।
আয়োজকেরা জানান, দি অপটিমিস্ট যুক্তরাষ্ট্রপ্রবাসীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। তাঁদের অর্থে বাংলাদেশের ২৪টি জেলার প্রায় এক হাজার ৫০০ শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হচ্ছে। সুনামগঞ্জে সংগঠনটির কার্যক্রম শুরু হয়েছে ২০১৫ সাল থেকে। এ পর্যন্ত জেলার ৩৯ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী এই সহায়তার আওতায় এসেছে। মঙ্গলবার প্রতি শিক্ষার্থী ছয়মাসের শিক্ষা সহায়তা বাবদ চার হাজার ৯০০টাকা করে দেওয়া হয়েছে। এর বাইরে একজনকে উচ্চশিক্ষায় সহায়তা বাবদ ১০হাজার ৮০০টাকা দেওয়া হয়েছে। বছরে দুইবার শিক্ষার্থী এই সহায়তা পায়। ষষ্ঠ শ্রেণি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।