শাল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ২৫

স্টাফ রিপোর্টার
শাল্লা ও হবিগঞ্জের আজমিরিগঞ্জের মধ্যবর্তী স্থানে জলমহাল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত এবং উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের শাল্লা ও আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সোমবার গভীর রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত সাইকুল ইসলামকে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার দুপুরেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ জানায়, সুনামগঞ্জের শাল্লার শেষ সীমানা ও হবিগঞ্জের আজমিরিগঞ্জের শেষ সীমানার জলমহাল         
চন্ডিডহরের দখল নিয়ে দীর্ঘদিন ধরে শাল্লার মির্জাকান্দা গ্রামের হাসিম মিয়া ও আজমিরিগঞ্জের পেটুয়াকান্দা গ্রামের হান্নান মিয়ার লোকজনের মধ্যে বিরোধ রয়েছে। সোমবার গভীর রাতে দুই পক্ষই জলমহালে মাছ ধরার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। এসময় উভয় পক্ষের ২৬ জন আহত হয়। গুরুতর আহত মির্জাকান্দার নওয়াব মিয়ার ছেলে সাইকুল ইসলামকে (৩০) প্রথমে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মঙ্গলবার দুপুরে ওখানেই তার মৃত্যু হয়।
শাল্লা থানার ওসি বজলার রহমান জানান,‘চন্ডিডহর আন্ত:জেলা জলমহালের দখল নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ২০-২৫ আহত হয়। এরমধ্যে সাইকুল ইসলাম নামের এক জেলে মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।’