বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার প্রতিনিধি
জেলার দু’টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে একটি জাপা ও অন্যটিতে আওয়ামী লীগ প্রার্থীর বিজয় হয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দ.) ইউনিয়নে জাতীয় পার্টির দলীয় প্রার্থী এরশাদ মিয়া (লাঙ্গল) প্রতীকে ১ হাজার ৮৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
দোয়ারাবাজার উপজেলার নরসিংহপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আ.লীগের প্রার্থী নূর উদ্দিন আহমদ (নৌকা) প্রতীকে ৫৭৪ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, ৪ জুন ৬ষ্ঠ ধাপে সারা দেশের ন্যায় বিশ্বম্ভরপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হলেও বাদাঘাট (দ.) আওয়ামী লীগ প্রার্থী আব্দুল গণি ও জাতীয় পার্টির এরশাদ মিয়ার সমভোট (৪০৩০) প্রাপ্তির ফলে নির্বাচন কমিশন এই ইউনিয়নের চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত ঘোষণা করেন। পরবর্তীতে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল গণি পুনঃগননা চেয়ে হাইকোর্টে একটি রীট দায়ের করেন।
জাপা প্রার্থী এরশাদ মিয়া পুনঃনির্বাচন চেয়ে নির্বাচন কমিশন বরাবর একটি আবেদন করেন। দীর্ঘ ৫ মাস পর নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশানুযায়ী সোমবার ইউনিয়নের ৯টি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির বিজয়ী প্রার্থী এরশাদ মিয়া ৬ হাজার ৪০১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আব্দুুল গনি নৌকা প্রতীকে ৫ হাজার ৩১৮ ভোট পেয়েছেন। এদিকে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নূর উদ্দিন আহমদ (নৌকা) প্রতীকে ৪৩৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ৩৮১২ ভোট, স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভূঁইয়া রুবেল (চশমা প্রতীকে) ২৮০৪ ভোট, মতক্কিন আলী (ঘোড়া প্রতীকে) ২৬৪ ভোট, মাঈন উদ্দিন (আনারস প্রতীকে) ১২৭৮ ভোট, শাখাওয়াত হোসেন চৌধুরী (মোটরসাইকেল প্রতীকে) ১৮ ভোট, আবুল কালাম আজাদ (টেবিল ফ্যান) প্রতীকে ৩৬৭ ভোট, আজিজুর রহমান (টেলিফোন) প্রতীকে পেয়েছেন ৭০ ভোট।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের বিদ্রোহী প্রার্থী একেএম আইয়ুবুর রহমান রহমানী দ্বিতীয় বারের মতো এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। কিন্তু কঠিন দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে দায়িত্ব গ্রহণের আগেই গত ২৭ জুন তিনি মৃত্যুবরণ করলে এ পদটি শূন্য হয়।


