দুই ইউপি’র নেই নিজস্ব ভবন

মধ্যনগর প্রতিনিধি
মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজারটি ভৌগোলিক ভাবে মধ্যনগর ইউনিয়নে অবস্থিত। এই বাজারেই চলছে উপজেলার মধ্যনগর ও চামরদানী ইউনিয়ন দুইটির প্রশাসনিক কার্যক্রম। তবে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ভবন বা কার্যালয় স্ব-স্ব ইউনিয়নের ভৌগোলিক সীমানার মধ্যে থাকা বাঞ্ছনীয় বলে মনে করেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।
স্থানীয় লোকজনের মতে, মধ্যনগর ও চামরদানী ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় মধ্যনগর বাজারের দুইটি জরাজীর্ণ ঘরে দুই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। এতে ইউপির প্রশাসনিক কর্ম সম্পাদন সহ বিস্তৃত পরিসরে নাগরিক সেবা প্রদান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মধ্যনগর বাজারের পরিত্যক্ত একটি সরকারি আধাপাকা জরাজীর্ণ ঘরে চামরদানী ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে। পাশেই মধ্যনগর ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালানো হয় ১৫/১৫০ ফুট আধাপাকা পুরনো ঘরে।
জানতে চাইলে, চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরু বলেন, চামরদানী ইউনিয়ন পরিষদের ভবন নেই। চামরদানী ইউনিয়নের রামদীঘাতে বহু বছরের পুরনো একটি ইউনিয়ন পরিষদ ভবন থাকলেও তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তাছাড়া সেখানে নতুন ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় পরিমান জায়গাও নেই। তাই দীর্ঘদিন ধরে মধ্যনগর বাজারের সরকারি পরিত্যক্ত এই আধাপাকা ঘরেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম চলছে। একটি কমপ্লেক্স ভবন না থাকায় আমরা ইউনিয়ন পরিষদকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে পারছি না। তবে জরুরি ভিত্তিতে উপযুক্ত স্থান নির্বাচন করে কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য প্রস্তাব প্রেরণ করার চেষ্টা করছি।
মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব তালুকদার টিটু বলেন, বহুদিন ধরে মধ্যনগর ইউনিয়ন পরিষদের কার্যক্রম মধ্যনগর বাজারের এই নিজস্ব ঘরেই পরিচালিত হয়ে আসছে। তবে এটি জরাজীর্ণ ও ছোট। তাই ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম চালাতে হিমশিম খেতে হয়। কমপ্লেক্স ভবন না থাকায় ইউপি’র সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ ইউনিয়ন পরিষদে সরাসরি নাগরিকদের সেবা প্রদান করতে পারছেন না। কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য উপযুক্ত জায়গা খোঁজ করা হচ্ছে।
জানা যায়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ২০০৫ সালের ১৪ জুন তারিখে জারীকৃত এক প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান ১টি, সদস্যা ও সদস্যা ১টি, ইউপি সচিব ১টি, মিটিং কক্ষ ১টি মূল অংশ হিসেবে এই ৪টি কক্ষের পাশাপাশি সরকারের বিভিন্ন বিভাগ ও দপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তাদের অফিস পরিচালনার জন্য আরও ৮টি কক্ষ সম্প্রসারিত করে ইউনিয়ন পরিষদের জন্য কমপ্লেক্স ভবন নির্মাণ করার জন্য বলা হয়েছে।
একই মন্ত্রণালয় ও বিভাগ গত ২৮ ডিসেম্বর ২০০৫ সালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের স্থান নির্বাচন সংক্রান্ত একটি পরিপত্র প্রকাশ করে। ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য উক্ত পরিপত্রে বিভিন্ন শর্ত পূরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন, ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স ভবন থাকা প্রয়োজন। ঐ দুইটি ইউনিয়ন পরিষদ সরকারের নির্দেশনা মোতাবেক কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নিলে সার্বিক সহযোগিতা করা হবে।