দুই পক্ষের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাজিম জায়গীয়দার (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রড়মোহা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নাজিম জায়গীরদার ওই গ্রামের আনসার মিয়া জায়গীরদারের ছেলে। তিনি বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় সোমবার সকালে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- বড় মোহার খলিল খানের ছেলে আমিন খান (২১), আবুল খায়ের খানের ছেলে জাহির আলম খান (৩৫) এবং মৃত গোলাম খানের ছেলে মন্তচির খান (৬০।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের শাহী খান ও আনসার মিয়া জায়গীদারের পরিবারের মধ্যে পূর্ব বিরোধ ছিল। রবিবার বিকেলে গ্রামের ঈদগাহ মাঠে ক্রিকেট খেলছিল গ্রামের ছেলেরা। খেলায় ওই দুই পরিবারের ছেলেদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন কলেজছাত্র নাজিম জায়গীরদার। সুনামগঞ্জ সদর হাসপাতলে নিয়ে যাওয়ার পথে রোববার সন্ধ্যায় তিনি মারা যান।
নাজিম জায়গীরদারের আত্মীয় খোকন জায়গীরদার বলেন, সংঘর্ষ নয়, প্রতিপক্ষের লোকজন লাটিসোটা নিয়ে বাড়িতে এসে হামলা করে নাজিম জায়গীরদারকে হত্যা করা হয়েছে।
ঘটনার পর গ্রাম ছেড়ে পালিয়েছেন শাহী খানের পরিবারের লোকজন। মুঠোফোনও এই পক্ষের বন্ধ রয়েছে। তাই তাদের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয় নি।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মুক্তাদীর আহমদ জানান, বড়মোহায় একজন খুনের ঘটনায় নিহতের বাবা চাঁন মিয়া জায়গীরদার বাদী হয়ে সোমবার বিকালে ৫১ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।