দুর্গত ঘোষণার দাবি জোরদার হচ্ছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা ও বাঁধ নির্মাণে দুর্নীতির সাথে জড়িত ঠিকাদার ও পিআইসির শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। শনিবার বেলা ১১ টায় শহরের আলফাত স্কয়ার সংলগ্ন পুরবী মার্কেটে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জ জেলা একটি মাত্র বোরো ফসলের উপর নির্ভরশীল।  জেলার কৃষকরা এই ফসলকে সামনে রেখেই স্বপ্ন্ দেখেন আগামী দিনের। অত্যন্ত পরিতাপের বিষয় যে, জেলার গুটিকয়েক মানুষের স্বার্থের জন্যে কৃষকদের সর্বনাশ হল। বাঁধ নির্মাণে প্রচুর বরাদ্দ থাকা সত্বেও পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা, ঠিকাদার ও স্থানীয় এমপিদের মনোনীত প্রতিনিধির মাধমে পিআইসি গঠন করে ভাগ বাটোয়ারা করা হয়েছে’।
তিনি বলেন, ‘দুঃখের বিষয় কৃষকদের এতবড় ক্ষতি হওয়ার পরও এখন পর্যন্ত কোন এমপিকে বাঁধে দেখা যায়নি। সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না। বাঁধ বাণিজ্যের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না’।
তিনি বলেন, আমরা দুর্নীতিবাজ ঠিকাদার, পিআইসিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই। এছাড়াও অবিলম্বে সুনামগঞ্জ          জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে সারা বছর কৃষকদের কার্ডের আওতায় এনে ১০ টাকা দরে চালের ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন, পুনর্বাসন, কৃষি উন্নয়নে নদী-নালা, খাল-বিল, খনন  করার জোর দাবি জানাই;।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল হক, জেলা কৃষক দলের আহবায়ক আতম মিসবাহ, জামালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুরুল হক আফিন্দি, বিএনপি নেতা নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন
হাওরে ফসলডুবির প্রতিবাদে এবং হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণের কাজে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি ও ১৩ এপ্রিল কৃষক-জনতার সমাবেশ ও সুনামগঞ্জ পাউবো অফিস ঘেরাও কমর্সূচির ডাক দিয়েছে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন।
কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে শহরের ওয়েজখালী পয়েন্ট, হাছননগরের মাদ্রাসা পয়েন্ট, মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজার, ইছাগড়ি বাজারে পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ওয়েজখালী পয়েন্টে হাওর বাঁচাও – সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক সাংবাদিক বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য জেলা সিপিবির সাধারণ সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, রাজু আহমদ, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. রইছ্ুিদ্দন, সাংবাদিক একে কুদরত পাশা, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, স্থানীয় সমাজসেবক আতাউর রহমান, সংস্কৃতিকর্মী প্রদীপ পাল প্রমুখ।
বিকালে ইছাগড়ি বাজারে স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সদস্য রুহুল আমিন, শাহাব উদ্দিন, সালেহীন চৌধুরী শুভ, এমরানুল হক চৌধুরী, আমিনুল হক, গাজী আফজাল, জেলা যুবজোটের সভাপতি এইচ এম জাকারিয়া সুমন।
পৃথক সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ নির্ধারিত সময়ে না হওয়ায় এবং কাজে ব্যাপক অনিময়-দুর্নীতি হওয়ার কারণে বাঁধ ভেঙে জেলার ৯০ ভাগ বোরো ধান তলিয়ে গেছে। জেলার লাখ লাখ ফসলহারা কৃষক এখন দিশেহারা। ফসলহারা কৃষকদের বাঁচাতে সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা করতে হবে। একই সঙ্গে আগামী এক বছর সুনামগঞ্জে খোলা বাজারে চাল বিক্রি এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ভিজিডি ও ভিজিএফ কার্ড বিতরণ করাসহ তাদের সকল কৃষিঋণ মওকুফ করতে হবে।
ছাত্র ইউনিয়ন
কৃষক বাঁচাও- সুনামগঞ্জ বাঁচাও’ এই স্লোগানে সুনামগঞ্জের বোরো ফসল রক্ষা বাঁধে ঠিকাদারদের দুর্নীতি অনিয়মের কারণে হাওরের ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে ও সুনামগঞ্জ জেলাকে দূর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। শনিবার বিকেলে আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা  হয়।
জেলা ছাত্র ইউনিয়ন নেতা আসাদ মনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. রইছুজ্জামান, কেন্দ্রীয় যুব ইউনিয়নের সদস্য পিনাক রঞ্জন দেবনাথ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধূরী, সাংগঠনিক সম্পাদক শেখ ফয়সল আহমদ, সাংবাদিক বিজন সেন রায়, আমরা হাওরবাসী’র সমন্বয়কারী রুহুল আমিন, অ্যাড. এনাম আহমদ, কৃষক নেতা আব্দুল কাইয়ূম প্রমুখ।
বক্তরা বলেন, ‘ফসল হারিয়ে সুনামগঞ্জের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। অনেক কৃষক রয়েছেন যারা ঋণ করে জমি চাষ করেছেন। তাদেরকে ঋণের বোঝা কমানোর জন্য সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে। জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।’ বক্তারা বাঁধ নির্মাণে অনিয়মের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ পাউবো, পিআইসি ও ঠিকাদারদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আলফাত স্কয়ার থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন বাসস্টেশনে এসে শেষ হয়।
সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন
সুনামগঞ্জকে দুর্গত ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ উন্নয়ন ফাউন্ডেশন নামের বেসরকারি সংগঠন। শনিবার বিকাল ৫ টায় আলফাত স্কয়ারে এই মানববন্ধন  অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ উন্নয়ন ফাউ-েশনের সভাপতি মাওলানা তোফাজ্জল হক আজিজ, সাধারণ সম্পাদক দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা ইমদাদুল হক, মুফতি মুজিবুর রহমান, ছাত্র নেতা ইমদাদুর রহমান, সাংবাদিক নাঈম তালুকদার, মাওলানা আরশদ নোমান, মাওলানা ইমরান আহমদ প্রমুখ।
হোটেল শ্রমিক ইউনিয়ন
বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা শাখার বর্ধিত সভায় সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ প্রদানের দাবি জানানো হয়েছে। শুক্রবার রাত ৮টায় জামাইপাড়াস্থ সংগঠনের দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন সভাপতি মঈনুল হক রনি।
সভায় সুনামগঞ্জ জেলায় পাহাড়ী ঢল, পাউবো, পিআইসি ও ঠিকাদারদের দুর্নীতির কারণে জেলার একমাত্র বোর ফসল তলিয়ে যাওয়ায় কৃষক জনগণকে রক্ষা করার জন্য সুনামগঞ্জ জেলাকে দুর্গত এলাকা ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ প্রদানের দাবি জানানো হয়। এছাড়াও আগামী ১৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন সফল করার জন্য প্রস্তুতি গ্রহণ এবং ২০১৭ সালে ঘোষিত হোটেল শ্রমিকদের গেজেট বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
এসময় হোটেল মালিকদের প্রতি ঘোষিত গেজেট অনুযায়ী মজুরী প্রদানের আহবান জানান বক্তরা।
সংগঠনের সাধারণ সম্পাদক লিলু মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান কবির, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি বাদল সরকার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আশরাফ হোসেন, সহ-সভাপতি সাজিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সদস্য বিপব দাস, মুহিত মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণা ও ঠিকাদারের শাস্তি’র দাবিতে শনিবার বিকাল ৪টায় সিলেট সুনামগঞ্জ মহাসড়কের পাগলা বাজার বাসস্টেশনে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ ও পথসভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপি’র (একাংশের) সহ-সভাপতি মহির উদ্দিন মহিরের সভাপতিত্বে ও যুবদল নেতা মনোয়ার হোসেন মিন্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- মো. আনছার উদ্দিন, জেলা বিএনপি নেতা নাদির আহমদ, উপজেলা যুবদল সভাপতি সোহেল মিয়া, উপজেলা যুবদল নেতা দিলোয়ার হোসেন জিয়াউর, ফরিদ আহমদ, রনজিত সূত্রধর, ছালিক আহমদ,বাবুল মিয়া, বাহা উদ্দিন ইকবাল, শহিদুল ইসলাম, আব্দুল মুকিত প্রমুখ।