স্টাফ রিপোর্টার
ফসল ডুবে যাওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ও মোল্লাপাড়া ইউনিয়নের ৪৬০ টি কৃষক পরিবারের মধ্যে বিনামূল্যের চাল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা প্রশাসনের উদ্যেগে লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ২০০ এবং মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ২৬০ জন কৃষককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কালে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান, সদর উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতান, লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, এই পর্যন্ত জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩৬০ মে.টন চাল, ১৫৫ বান টিন, নগদ ১৬ লাখ টাকা বিতরণের জন্য পাঠানো হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্রধান করে ৩ সদস্যের কমিটি করা হয়েছে। ঐ কমিটি’র দেওয়া ক্ষতিগ্রস্তদের তালিকা অনুযায়ী চাল, টিন এবং নগদ অর্থ প্রদান করা হচ্ছে।


