দুর্ঘটনা-সংঘর্ষ-বজ্রপাত ঝরল ৮৪ তাজা প্রাণ

সজীব দে
সড়ক দুর্ঘটনায় এবার ঝরেছে ৪৩ প্রাণ। ৩৭ টি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫৭ জন। বছরের শেষ দিকে এসে সড়কে মৃত্যুর মিছিল বেড়ে যায়। বছরের প্রথম আট মাসে সড়কে প্রাণ যায় ২৪ জনের। আহত হন ৭৭ জন। সেখানে শেষ চার মাসেই সড়কে প্রাণ যায় ১৯ জনের। আহত হন ৮০ জন।
প্রায় ১২০ টি সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয় ২৮ জনের। সংঘর্ষে আহত হয়েছেন ২,২১৫ জন। সংঘর্ষে বছরের প্রথম আট মাসে ১৭ জন নিহত এবং আহত হন ১৪২৭ জন। শেষ চার মাসে নিহত হন ১০ জন এবং আহত হন ৭৮৮ জন। সব উপজেলায়ই কম বেশী সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অধিকাংশ সংঘর্ষের ঘটনাই ঘটে ছাতক, দোয়ারাবাজার এবং জগন্নাথপুর উপজেলায়।
এদিকে বজ্রপাতে এবার জেলায় প্রাণ হারিয়েছেন ১৩ জন এবং আহত হয়েছেন ৪ জন। সব মিলিয়ে সড়ক দুর্ঘটনা, সংঘর্ষ এবং বজ্রপাতে এবার জেলায় মৃত্যু হয়েছে ৮৪ জনের।
তুচ্ছ ঘটনায় সংঘর্ষ-মৃত্যু থেকে আধিপত্য বিস্তারে বন্দুকযুদ্ধ। ঘটনা বহুল বছরে ছিল ডাকাতিতে বাধা দেয়ায় খুন, ত্রাণের টুকেন নিয়ে সংঘর্ষ এবং কাস্টমারকে পিটিয়ে মারার মতো ঘটনাও।
এদিকে গত ২৫ মার্চে সিলেটে শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে নিহত হন শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা সিলেট মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র সিআইও-১ চৌধুরী মোহাম্মদ আবু কয়সর চৌধুরী দিপু।  ২০১৭ সনের কয়েকটি আলোচিত দুর্ঘটনার খবর নিয়ে আজকের সালতামামি।
নাছির উদ্দিন চৌধুরীর বাড়িতে তত্ত্বাবধায়ক খুন
জানুয়ারি
জেলা বিএনপি’র আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর দিরাই উপজেলা সদরের বাসভবনে ডাকাতরা বাসভবনের তত্ত্বাবধায়ককে খুন করে। দিরাই উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সদর উপজেলার কাঠইড় পার্শ্ববর্তী শান্তিপুর এলাকায় তার লাশ পাওয়া যায়। নিহত তত্ত্বাবধায়কের নাম লিলু মিয়া উপজেলার কুলঞ্জ ইউনিয়নের ভরাট গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে। নাছির উদ্দিন চৌধুরীর রাইফেল, রিভলবার, ১০ ভরি স্বর্ণালংকার, কিছু নগদ টাকা নিয়েছে ডাকাতরা।
সংঘর্ষে নিহত ২, আহত ৪
জানুয়ারি ১, ২০১৭
দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২ জন নিহত এবং ৪ জন আহত হয়। দোয়ারাবাজার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামে এই সংঘর্ষ এবং হতাহতের ঘটনা ঘটে।
জলমহালে সংঘর্ষে নিহত ১
জনুয়ারি ৩, ২০১৭
সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মনহরপুর গ্রামে জলমহাল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১০ জন আহত হয়েছে। রাত পৌনে ১১ টার দিকে জলমহাল দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত ৩
জানুয়ারি ১৭, ২০১৭
দিরাইয়ে জলমহালের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৩ জন নিহত ও ৪ জন আহত হয়। নিহত ১ ব্যক্তির গায়ে ছড়রা গুলি রয়েছে। দিরাই উপজেলার গোড়ামারা সাতপাখিয়া প্রকাশিত জারলিয়া জলমহালের দখল নিয়ে যুবলীগ নেতা একরার হোসেন এবং তার ভাই ছাত্রদল নেতা আজাদুল ইসলাম রানা’র সঙ্গে উত্তর নাগেরগাঁও মৎস্যজীবী সমিতির বিরোধের জের ধরে নিতে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় ঘটনাস্থলেই তাজুল ইসলাম (৩২)’এর মৃত্যু হয়। আহত হয় আরো ৬ জন। দুপুর ২ টায় তাজুল ইসলামের লাশ দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, শরীরে গুলির আঘাত দেখা যায়। বিকাল সাড়ে ৩ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান শাহরুল এবং বিকাল সাড়ে ৪ টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উজ্জ্বল মিয়া নামের আরো ১ জনের মৃত্যু ঘটে।
হোটেল মালিক মারলেন কাস্টমারকে
জানুয়ারি ২৬, ২০১৭
গোবিন্দগঞ্জ পয়েন্টের ফল ব্যবসায়ী মঞ্জিল আহমদ সকালের নাস্তা খেতে মা বিরানী হাউজে যায়। নাস্তা দেয়ার এক পর্যায়ে পানি দিতে গিয়ে কর্মচারীর অসাবধানতায় নাস্তার প্লেটে পানি পড়ে গেলে নাস্তা না খেয়ে উঠে যান ফল ব্যবসায়ী মঞ্জিল আহমদ। এ সময় নাস্তার বিল পরিশোধ নিয়ে মঞ্জিল আহমদের সাথে বিরানী হাউজের মালিক নিজাম উদ্দিনের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সহযোগিদের নিয়ে মঞ্জিল আহমদকে বেধড়ক মারধর করেন নিজাম উদ্দিন। গুরুতর আহত ফল ব্যবসায়ীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনায় বিরানী হাউজের কর্মচারী দিলোয়ার হোসেন (১৬) কে ঘটনাস্থল থেকে এবং  বাবুর্চি নেছার আহমদকে সন্ধ্যায় তার নিজ বাড়ি তকিপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।
শাল্লায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫০
জানুয়ারি ২৭, ২০১৭
শাল্লা উপজেলায় পুর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৫০জন আহত হন। শাল্লা ইউনিয়নের শ্রীহাইল গ্রামের ডালিম মিয়া ও জিয়াউর রহমানের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার দুপুরে দুই পক্ষ সংঘর্ষ লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় বিকাল তিনটার দিকে সজল মিয়াকে (৩০) শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত সজল মিয়া শ্রীহাইল গ্রামের আব্দুল আলমের ছেলে ও ডালিম মিয়ার পক্ষের লোক।
জেলেকে পিটিয়ে হত্যা
ফেব্রুয়ারি ১৩, ২০১৭
স্টাফ রিপোর্টার
হাওরের আলমের দুয়ার নামক জলমহালে রাত প্রায় ১ টার সময় দুই গ্রামের দু’দল জেলে একই সময়ে অবৈধভাবে চুরি করে মাছ ধরতে যায়। উভয় দলের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষই নৌকার মধ্যে থাকা লগি বৈঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে একপক্ষের জেলেরা লগি বৈঠা দিয়ে পিটিয়ে পানিতে ফেলে হত্যা করে শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানি তাহিরপুর খলাহাটি গ্রামের জেলে মুসাব্বির মিয়া (৫৫) কে।
বন্দুকযুদ্ধে ১২ জন গুলিবিদ্ধ
ফেব্রুয়ারি ১৫, ২০১৭
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের বন্দুকযুদ্ধে ১২ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। গুলিবিদ্ধসহ গুরুতর আহত ১৪ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সিদ্ধেরপাশায় এই সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটে।
শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে যুবকের মৃত্যু
ফেব্রুয়ারি ২০, ২০১৭
তাহিরপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে লাঠির আঘাতে যুবকের মৃত্যু হয়। নালের গ্রামের ইনু মিয়ার স্ত্রী খায়রুন নেছা প্রতিবেশী মাইনুউদ্দিনের স্ত্রী মিনারা বেগম শিশুদের বই ছেড়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে মিনারা বেগমের স্বামী মাইনুউদ্দিন ক্ষিপ্ত হয়ে কাঠের বর্গা দিয়ে খায়রুন নেছার স্বামী ইনু মিয়ার মাথায় আঘাত করলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সিলেট ওসমানী চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইনু মিয়ার মৃত্যু হয়।
সংঘর্ষে মহিলা নিহত
ফেব্রুয়ারি ২০, ২০১৭
দেওয়ান নগর গ্রামের বাতির আলী ও মশ্রব আলী স্থানীয় হুগলী বিলের পাড়ে ধান ক্ষেতে পানি সেচ দেয়ার সময় পূর্ব বিরোধের জের ধরে পানি সেচে বাধা দেয় গ্রামের বাবুল ও সাহেদ আলী ওয়জেদ আলীসহ কয়েকজন। এঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের সংঘর্ষে নুর জাহান (৪৫) গুরুতর আহত হন। সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নুর জাহান বেগমের। আহত হয় উভয় পক্ষের প্রায় ১০/১২ জন।
কওমি ও ফুলতলি সমর্থকদের সংঘর্ষে নিহত ১ আহত ১৫০
ফেব্রুয়ারি ২৭, ২০১৭
ছাতকে স্থানীয় কওমি মাদ্রাসা ও স্থানীয় আলেম ফুলতলি’র (আব্দুল লতিফ চৌধুরী-ফুলতলির শেখ সাহেব) সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক যুবলীগ কর্মী নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে দেড়’শ জন  হয়। প্রায় ৩ ঘণ্টা ব্যাপি সংঘর্ষ এক পর্যায়ে ছাতক পৌর এলাকার বিভিন্ন মহল্লায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ফুলতলি’র সমর্থক ছাতক পৌর এলাকার বাঘবাড়ি’র আব্দুল বাছিত বাবুলকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬ টায় তার মৃত্যু ঘটে। সংঘর্ষ থামাতে জেলা সদর, জাউয়াবাজার ও ছাতক থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
সংঘর্ষে নিহত স্কুলছাত্র
মার্চ ২০, ২০১৭
শাল্লায় হাঁসের খামারের টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত এবং উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। উপজেলার খেওড়া গ্রামে বিকালে সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম নিকন দাস (১৭)। সে উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জঙ্গি অভিযানে নিহত আবু কয়সর দিপু
মার্চ ২৫, ২০১৭
সিলেট মহানগরের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ ঘিরে অভিযান চলাকালে বোমা বিস্ফোরণে নিহত হন শহরের নতুনপাড়ার (নিলয়-২) বাসিন্দা সিলেট মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র সিআইও-১ চৌধুরী মোহাম্মদ আবু কয়সর চৌধুরী দিপু। মুক্তিযুদ্ধের সংগঠক আসদ্দর আলী চৌধুরী ও মাতা হাসনা চৌধুরী’র ৮ সন্তানের মধ্যে ৩য় সন্তান জনপ্রিয় ক্রিকেটার দিপু ছিলেন সৎ ও মেধাবী পুলিশ অফিসার।
তাহিরপুরে কলেজ ছাত্র খুন
মার্চ ২৫, ২০১৭
তাহিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্র খুন ও এক যুবক আহত হয়। নিহত সাজিদ মিয়া (২০) তাহিরপুর জয়নাল আবেদীন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি উপজেলা সদর মধ্য তাহিরপুর গ্রামের লাল মিয়ার পুত্র। রাতেই পুলিশ সন্দেহভাজন ৪ জনকে আটক করে।
ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
মে ১৫, ২০১৭
ছাতকে নোয়ারাই ইউনিয়নের বড়গলা গ্রামের মাঠে বড়গলা ও উলুরগাঁর গ্রামের ফুটবল দলের মধ্যে ফুটবল খেলা চলাকালে উভয় দলের উৎসুখ সমর্থকের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খেলা শেষে দু’গ্রামের কতিপয় সর্মথকের মধ্যে হাতা-হাতির ঘটনা ঘটে। ঘটনার জেরে পরদিন বিকেলে দু’গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত ও উভয় পক্ষের ২৫ জন আহত হয়।
ত্রাণের টুকেন নিয়ে সংঘর্ষ
জুলাই ৭, ২০১৭
তাহিরপুরে ত্রাণের টুকেন দেয়াকে কেন্দ্র করে দু’গ্রুপের সংর্ঘষে ২০ জন আহত হন। দ. শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাজেদ মিয়ার সাথে এনজিও সংস্থার ’ইরার’ ১০টি ত্রাণের টোকেন নিয়ে একেই গ্রামের অমল তালুকদারের সাথে তাহিরপুর বাজারে কথা কাটাকাটি ও দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয় লোকজন বাজারে ঘটনাটি মিমাংসা করে দেয়। পরেরদিন দুপুরে ঘটনার সূত্র ধরে সাহাগঞ্জ গ্রামে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ২০জন আহত হন।
সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ডিসেম্বর ১৫, ২০১৭
ছাতক-সিলেট সড়কের ঝাওয়া ব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১ জন আহত হন। ছাতক থেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে প্রাইভেট কার যোগে সিলেটে ফিরছিল তারা। ঝাওয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে পাস দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রবাহী কারটি পাশের একটি ডুবায় পড়ে তলিয়ে যায়। স্থানীয় লোকজন গাড়ির গ্লাস ভেঙ্গে ভেতর থেকে ৪ জনকে মৃত ও ১ কে জীবিত উদ্ধার করেন। দুর্ঘটনায় বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের গিয়াস উদ্দিন মেম্বারের পুত্র তোফায়েল আহমদ, নগরীর টুকেরবাজার শেখপাড়া এলাকার ফয়জুল হকের পুত্র তায়েব আহমদ, সোহরাব উদ্দিনের পুত্র রাজু আহমদ ও গোয়ালাবাজার এলাকার শাহজাহান মারা যান।