স্টাফ রিপোর্টার
‘বাংলাদেশের এক অনন্য অর্জন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে রালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে এসে শেষ হয়। এখানে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এরপর উন্নয়ন মেলার ৫২ টি স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ।
এ উপলক্ষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম, অ্যাড. রইছ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম, সচেতন নাগরি কমিটির (সনাক’এর) সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ এখন একটি উন্নয়নশীল রাষ্ট্রের পরিচিতি লাভ করছে। আজকের এই বাংলাদেশ গড়ার পিছনে আমাদের অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। এখন বাংলাদেশ দুর্বার গতিতে উন্নয়নের পথে এগিয়ে চলছে। আমাদের সকলকে এক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করতে হবে।


